নিহত ব্যক্তির পরিচয় মিলেছে
মিরপুর বেড়িবাঁধের কাছে গত বৃহস্পতিবার ভোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম নজরুল ইসলাম (৩০)। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তাঁর ভাই মো. হানিফ মিয়া লাশ শনাক্ত করেন।হাসপাতাল সূত্র জানায়, নজরুল ইসলাম স্ত্রী ও তিন সন্তান নিয়ে মিরপুর রূপনগর আবাসিক এলাকায় থাকতেন। তিনি বারিধারার নিউ ওয়্যার ডিজাইন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। উত্তরখান আঁটিপাড়া এলাকায় ওই প্রতিষ্ঠানের একটি শাখা প্রতিষ্ঠান রয়েছে। গত বৃহস্পতিবার সেখানে দায়িত্ব পালন শেষে ভোরে বাসায় ফিরছিলেন নজরুল। আবদুল্লাহপুর এসে মিরপুরে যাওয়ার জন্য তিনি একটি মাইক্রোবাসে ওঠেন। মাইক্রোবাস থেকে যাত্রীবেশী চার-পাঁচজন ছিনতাইকারী নজরুলকে ছুরিকাঘাত করে ফেলে দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।