নিহত ব্যক্তির রক্ত দেখে নারীর মৃত্যু
খুলনায় বাড়ির মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে দেলোয়ার হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আর দেলোয়ারের রক্ত দেখে রিজিয়া বেগম (৫০) নামের এক নারী মস্তিষ্কে রক্তক্ষরণে (স্ট্রোক) মারা গেছেন। গতকাল রোববার নগরের সিমেট্রি সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।এলাকাবাসীর কয়েকজন ও পুলিশ জানায়, ওই সড়কের সরকারি মালিকানাধীন ৫০ নম্বর বাড়িটি ইজারা নেওয়া। এর দোতলায় বাস করতেন দেলোয়ার। নিচতলায় থাকতেন তিন ভাই রাজু, কাজু, তাজু ও তাঁদের মা নূরজাহান বেগম। দীর্ঘদিন থেকে তিন ভাই দেলোয়ারকে দ্বিতীয় তলা ছেড়ে দেওয়ার জন্য নানাভাবে হয়রানি করতেন। এ নিয়ে মাঝে মাঝে দুপক্ষের মধ্যে বাগিবতণ্ডাও হতো।গতকাল সকালে দেলোয়ার বাড়ি থেকে বের হয়ে সামনে গেলে ওই তিন ভাই পেছন থেকে তাঁকে চায়নিজ কুড়াল দিয়ে কোপান ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন। পরে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে নগরের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করেন। তাঁর অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ১০টায় দিকে তিনি মারা যান।এদিকে রাস্তায় দেলোয়ারের রক্ত দেখে নগরের হরিণটানা এলাকার বিয়াবাজারের বাসিন্দা আমবিক্রেতা রিজিয়া বেগম (৫০) স্ট্রোক করে ঘটনাস্থলে মারা যান। উভয়ের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় নূরজাহানকে আটক করেছে পুলিশ। খুলনা সদর থানার ওসি মো. আক্তার হোসেন বলেন, ‘আমার ধারণা বাড়িটি দখল করা নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে।’