রাজশাহীর বাগমারায় আহমদিয়া মসজিদে বোমা হামলার পর দুই মাস পার হলেও পুলিশ সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী যুবকের পরিচয় বের করতে পারেনি। নিহত যুবকের আঙুলের ছাপ থেকেও কোনো তথ্য মেলেনি। ফলে ঘটনার কিনারা হয়নি।
রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ঘটনার সূত্র পাওয়ার একমাত্র উপায় ছিল নিহত যুবকের পরিচয় বের করা। সেটা সম্ভব হয়নি। তাঁদের শেষ ভরসা ছিল ওই যুবকের আঙুলের ছাপ। এই ছাপ পাসপোর্ট কার্যালয় ও নির্বাচন কার্যালয়সহ সরকারি-বেসরকারি যেসব দপ্তর আঙুলের ছাপ নিয়ে কাজ করে, তাদের কাছে পাঠানো হয়েছে। কিন্তু কোথাও এই আঙুলের ছাপের মাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ হতাশ কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা বলা যায় না, কারণ হঠাৎ কোনো তথ্য মিলে যেতে পারে। অবশ্য এ রকম কিছু না ঘটলে আর কোনো ভরসা নেই।’
মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেছেন, হামলাকারীর ছবি সব থানায় পাঠানো হয়েছে। কিন্তু এখনো এ বিষয়ে অগ্রগতি হয়নি।
বাগমারা উপজেলার সৈয়দপুর আহমদিয়া মুসলিম জামাতের সভাপতি এস এম সাইফুল ইসলাম বলেন, এলাকার মানুষের মধ্যে আপাতত শঙ্কা নেই। স্বতঃস্ফূর্তভাবেই তাদের সম্প্রদায়ের মানুষ মসজিদে নামাজ পড়ছে। গতকাল শুক্রবারও জুমার নামাজ হয়েছে। পুলিশ কিছুদিন পাহারায় ছিল। এখন না এলেও তারা যোগাযোগ রাখে।
আহমদিয়া মুসলিম জামাতের রাজশাহীর সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক আবদুল্লাহ শামস বিন তারিক বলেন, ওই যুবককে যারা তৈরি করেছে, তাদের সন্ধান পাওয়া জরুরি, কারণ তারা আবার নতুন কাউকে এই ধরনের কাজের জন্য উদ্বুদ্ধ করবে।
গত ২৫ ডিসেম্বর রাজশাহীর বাগমারার সৈয়দপুর চকপাড়া গ্রামে আহমদিয়া সম্প্রদায়ের একটি মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণে এক যুবক নিহত হন। শিশুসহ তিনজন গুরুতর আহত হন। অপরিচিত ওই যুবকই বোমা বহন করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এই ঘটনায় ওই দিন রাতেই অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে আসামি করে বাগমারা থানায় মামলা করা হয়।