নিহত লক্ষ্মীবিজয় চাকমার পরিবার এখনো জঙ্গলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ সাত্তো পো লোই কুদু যেম, কী গরিম, কেনে খাবেম কিসসু কই ন পারঙর (এই সাত সন্তান নিয়ে কোথায় যাব, কী করব, কীভাবে খাওয়াব, কিছুই বলতে পারছি না)।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলেন বসুমতী চাকমা। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে আদিবাসী-বাঙালির সহিংস ঘটনায় নিহত লক্ষ্মীবিজয় চাকমার স্ত্রী তিনি।বাঘাইহাটের সহিংস ঘটনায় নিহত ও নিখোঁজ ব্যক্তিদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হয় স্থানীয় গঙ্গারামমুখ এলাকায় গত মঙ্গলবার। সেখানে কথা হয় বসুমতী চাকমার সঙ্গে। তিনি জানান, ঘটনার পর সাত সন্তানকে নিয়ে তিনি প্রায় সাত কিলোমিটার দূরে তিন দোজরি জঙ্গলে আশ্রয় নিয়েছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদীয় কমিটির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় বসুমতী ওই জঙ্গলে ছিলেন। স্বামীসহ অন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার খবর পেয়ে ওই দিন ভোরে তিনি গঙ্গারামমুখ এলাকায় আসেন।বসুমতী চাকমা জানান, তিনি ত্রাণ বিতরণ কমিটি থেকে কেবল তিন বস্তা চাল পেয়েছেন। এ ছাড়া সরকারি আর কোনো ত্রাণ জোটেনি।ঘটনার দিনের বর্ণনা দিতে গিয়ে বসুমতী বলেন, ‘আমার স্বামী গুলকমাছড়া গ্রামের কার্বারি (গ্রামপ্রধান) ছিলেন। ওই দিন পরিস্থিতি জানতে পাশের গুচ্ছগ্রামে একটি চায়ের দোকানে যান। তখনই শুরু হয় হামলা। সেখান থেকে ফিরে আসার পথে তিনি গুলিবিদ্ধ হন। পরে কয়েকজন লোক তাঁর লাশ বঙ্গলতলী এলাকায় নিয়ে যান। পরদিন (২১ ফেব্রুয়ারি) সকালে আমি স্বামীর মৃত্যুর খবর জানতে পারি।’এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশিরুল হক ভূঁইয়া বলেন, প্রশাসনের হাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যে তালিকা এসেছে, এতে নিহত লক্ষ্মীবিজয় চাকমার পরিবারের তালিকা রয়েছে। সে তালিকা অনুযায়ী ইতিমধ্যে ত্রাণ বিতরণ কমিটির কাছে চাল ও নগদ টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া যেসব পরিবারের লোক নিহত হয়েছে, সেসব পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ সাহায্য দেওয়া হবে।গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি বাঘাইহাটে আদিবাসী-বাঙালি সহিংস ঘটনায় চার শতাধিক বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় এ পর্যন্ত দুজন আদিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে।