নিহত শিক্ষকের প্রথম জানাজা অনুষ্ঠিত, দাফন হবে গাইবান্ধায়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম লিলনের প্রথম জানাজা আজ শনিবার রাত নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। রাতেই তার লাশ গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হিয়াতপুরে নিয়ে যাওয়া হবে। কাল সেখানে দাফন হবে।
আজ বেলা আড়াইটার দিকে শফিউল ইসলাম মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটিসংলগ্ন (বিহাস) বাসায় যাচ্ছিলেন। এ সময় রাস্তায় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে ফেলে যায়। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন জানান, শফিউল ইসলামের একমাত্র ছেলে সৌমিন শাহরিদ জাবিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাবার মৃত্যুর খবর শুনে তিনি ঢাকা থেকে রাজশাহী আসছেন। এখন মাঝপথে রয়েছেন। তিনি ক্যাম্পাসে আসলে মরদেহ নিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। এর আগে সন্ধ্যায় মরহুমের ময়না তদন্ত শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লাশ হস্তান্তর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
এ দিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কাল রোববার সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।
অধ্যাপক শফিউলের ওপর হামলার সংবাদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের নেতৃবৃন্দসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা হাসপাতালে ছুটে যান।
শফিউল ইসলামের মর্মান্তিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা দেশে সমাজবিজ্ঞান শিক্ষা ও গবেষণায় মরহুমের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে উপাচার্য ও সহ-উপাচার্য এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
শফিউল ইসলাম হত্যার প্রতিবাদে বিকেলে প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন। সন্ধ্যা সোয়া ৬টা থেকে রাত সোয়া আটটা পর্যন্ত ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁর বিভাগের শিক্ষার্থীরা। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।