সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার শৈলচাপড়া হাওরে ট্রলারডুবিতে একই গ্রামের ১৬ জনের মৃত্যুর ঘটনার প্রথম বার্ষিকী আজ ৮ জুন। নিহত ব্যক্তিদের মধ্যে আটজন দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। নিহত শিক্ষার্থীদের স্মরণে গতকাল বুধবার দুপুরে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথক শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুল সভাকক্ষে শোকসভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান। বক্তব্য দেন সহকারী শিক্ষক জানকী নাথ সরকার, মো. হাবিবুর রহমান, দশম শ্রেণীর ছাত্রী পাপিয়া সুলতানা প্রমুখ। অপরদিকে বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পর্ষদের সদস্য মো. সাইদুর রহমান চৌধুরী। বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মো. নূরুল ইসলাম, বিজন কুমার বর্মণ, মো. নজরুল ইসলাম প্রমুখ। সভা শেষে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে উভয় প্রতিষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। এ ছাড়াও বালিজুড়ী গ্রামবাসীর উদ্যোগে এ দিন আসরের নামাজ শেষে বালিজুড়ী গ্রাম জামে মসজিদে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও মোনাজাত করা হয়।