সাভারের রানা প্লাজায় ভবন ধসে নিহত ব্যক্তিদের কন্যাশিশুর জন্য নির্মিত এতিমখানা আজ শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। এ উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ এনামুর রহমানকে এতিম শিশুরা লাল-সবুজ ফিতা নেড়ে স্বাগত জানায়। এর আগে খানিকটা সময় তাদের জাতীয় প্রেসক্লাবের সম্মেলনকক্ষের ভিতরে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে হয়েছে। অনুষ্ঠানের অতিথিদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানায় কয়েকজন শিশু। গণমাধ্যমের কর্মীদের অনুরোধে এই শিশুদের সঙ্গে চলতে থাকে অতিথিদের ফটোসেশন। এরপর মিলনায়তনের একদম পেছনের দিকের কয়েকটি আসনে বসার সুযোগ পায় তারা। এসির মধ্যেও কয়েক শিশু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে।
এতিমখানাটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে আঞ্জুমান মুফিদুল ইসলাম। প্রতিষ্ঠানটি রানা প্লাজা দুর্ঘটনার পর পোশাকশ্রমিকদের এতিম হয়ে যাওয়া কন্যাশিশুদের জন্য চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এতিমখানাটি চালু করে। আজ ছিল তার আনুষ্ঠানিক উদ্বোধন।
প্রধান অতিথি সাংসদ এনামুর রহমান বলেন, ‘এতিমখানাটি আমার সংসদীয় এলাকায় অবস্থিত। আমার দায়িত্ব সবচেয়ে বেশি।’ দুর্ঘটনার পরপরই ক্ষতিগ্রস্তদের চিকিত্সা দেওয়া এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান চিকিত্সক এনামুর রহমান বলেন, ‘রানা প্লাজার মতো দ্বিতীয় কোনো ঘটনা ঘটলে রাষ্ট্র বা কারও পক্ষে তা সামাল দেওয়া সম্ভব হবে না।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘রানা প্লাজার দুর্ঘটনায় এতিম হয়ে যাওয়া শিশুদের কেউ যাতে বলতে না পারে, টাকার অভাবে মানুষ হতে পারেনি; সে ধরনের ব্যবস্থা নিচ্ছে বিজিএমইএ। বিজিএমইএ যতদিন থাকবে, ততদিন এই শিশুদের মানুষের মতো মানুষ করার দায়িত্ব পালন করবে।’
আঞ্জুমান মুফিদুল ইসলামের ‘আঞ্জুমান আজিজুর রহমান বালিকা হোম’ নামের এতিমখানাটিতে বর্তমানে বিভিন্ন বয়সের ১৬ জন মেয়ে শিশু বড় হচ্ছে। এদের পেছনে বছরে খরচ ১১ লাখ ৫৭০ টাকা। অনুষ্ঠানে আতিকুল ইসলাম এই শিশুদের সব ধরনের খরচ বহনের ঘোষণা দেন। অনুষ্ঠানে তিনি প্রাথমিকভাবে দুই লাখ টাকার চেক তুলে দেন কর্তৃপক্ষের হাতে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি শামসুল হক চিশতী। এ ছাড়া সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আজিম বখশ এবং মেয়েদের জন্য আঞ্জুমান আজিজুর রহমান বালিকা হোমসহ তিনটি এতিমখানার চেয়ারম্যান মোর্শেদ আহমেদ চৌধুরী।
এতিম শিশুদের দাঁড় করিয়ে রেখে প্রধান অতিথিকে স্বাগত জানানো ঠিক হয়েছে কি না, জানতে চাইলে মোর্শেদ আহমেদ চৌধুরী বলেন, ‘আমাদের ভুল হয়ে গেছে। এটা করা ঠিক হয়নি।’