চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরোনো জাহাজ কাটার সময় বিস্ফোরণে নিহত চার শ্রমিকের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে ম্যাক করপোরেশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রত্যেক পরিবার থেকে সামর্থ্যবান ব্যক্তিকে চাকরি দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে ক্ষতিপূরণের টাকা দিয়ে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া ওই ঘটনায় আহত এক শ্রমিককে ছয় মাসের বেতন ও চিকিৎসা খরচ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই ঘটনায় সীতাকুণ্ড থানায় পুলিশের করা মামলা চলবে।গত ১৮ জানুয়ারি সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় ম্যাক করপোরেশনের ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে চারজন নিহত হন। পরের দিন ১৯ জানুয়ারি ‘সীতাকুণ্ডে পুরোনো জাহাজে বিস্ফোরণ, ৪ শ্রমিকের মৃত্যু’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনসহ তিনটি প্রতিবেদন আদালতের নজরে আনেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আইনজীবী। এরই পরিপ্রেক্ষিতে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। এরপর আদালত ৬ মার্চ শুনানির দিন ধার্য করেন। শুনানি শেষে আদেশ দেন আদালত।