রেলওয়ের দরপত্র নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে গোলাগুলিতে নিহত সাজু পালিতের পরিবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সাজু পালিতের মা মিনতি পালিত ও বোন মুন্নী দাশ এই সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্যে বলা হয়, অজিত গত ২৪ জুন সাজুকে ডেকে নিয়ে সিআরবি সাতরাস্তার মোড়ে গুলি করে হত্যা করে। প্রকৃত আসামিরা এখনো ধরা পড়েনি।
লিখিত বক্তব্যে বলা হয়, ‘অজিত, বাইট্টা শামীম ও পিন্টু এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত। অথচ তাঁদের গ্রেপ্তার করা হয়নি।’ পরিবারের দাবি, সাজু যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। দীর্ঘদিন তিনি মধ্যপ্রাচ্যে ছিলেন। চট্টগ্রামে এসে তিনি একটি ট্রান্সপোর্ট এজেন্সিতে কাজ করতেন।
সাজু পালিত হত্যাকাণ্ডের ঘটনায় ১৪ জুলাই মুখ্য মহানগর হাকিম আদালতে পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। মামলাটি কোতোয়ালি থানায় করা মামলার সঙ্গে আদালতের নির্দেশে সংযুক্ত করা হয়।
গত ২৪ জুন নগরের সিআরবিতে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় শিশু আরমান ও যুবক সাজু পালিত নিহত হন। এই ঘটনায় নগরের কোতোয়ালি থানায় একটি মামলা হয়। পরে সাজুর পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়।
এই ঘটনায় যুবলীগের নেতা হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর ও ছাত্রলীগের নেতা সাইফুল আলম ওরফে লিমনসহ ৫৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।