সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে ট্রলারে আগুন লাগার ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা সবাই নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার বাসিন্দা।
তাঁরা হলেন খালিয়াজুরীর গাজীপুর ইউনিয়নের পাঁচহাত গ্রামের রোকেয়া বেগম (৫২), রোমান মিয়া (১৪), কোহিনুর মিয়া (১০) ও সাকিব মিয়া (৮) এবং মেন্দিপুর ইউনিয়নের নূরপুর বোয়ালি গ্রামের তহুরা বেগম (৫৫), খুলেছা বেগম (৫০) ও হানিফ মিয়া (৮)।
গত সোমবার রাতে ছাতক উপজেলার বেতুরা গ্রামের পাশে সুরমা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারে আগুন লাগে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বালু-পাথর কোয়ারি থেকে শতাধিক শ্রমিক ও তাদের পরিবারের লোকজনকে নিয়ে ট্রলারটি কিশোরগঞ্জের ইটনা যাচ্ছিল। পথে ট্রলারের ভেতরে রান্না করার সময় কেরোসিনের চুলায় বিস্ফোরণ ঘটে এটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় ১২ জন নিহত হয়। আহত হয় ১৬ জন। আহত ব্যক্তিদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ব্যক্তিরা আগুনে পুড়ে এতটাই অঙ্গার হয়ে গিয়েছিলেন যে তাদের শনাক্ত করা যায়নি।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদরুল হাসান লিটন জানান, ট্রলার দুর্ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিক, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে সাতজনের পরিচয় পাওয়া গেছে। নিহত ও আহত ব্যক্তিদের প্রতিটি পরিবার হতদরিদ্র।