নিহত সেই তরুণ পুলিশের তথ্যদাতা ছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে শওকতুল ইসলাম (২৩) নামের যে তরুণের লাশ উদ্ধার করা হয়েছে, তিনি পুলিশের তথ্যদাতা (সোর্স) হিসেবে কাজ করতেন।
গতকাল বৃহস্পতিবার এ ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।
এদিকে এ ঘটনায় গত বুধবার রাতে শওকতুলের বাবা আয়ুব আলী বাদী হয়ে নুরুন্নবী নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা করেছেন।
এসআই আশরাফুল ইসলাম বলেন, নিহত শওকতুল চট্টগ্রাম নগরের ইপিজেড, বন্দরসহ কয়েকটি থানার তথ্যদাতা হিসেবে কাজ করতেন। সে কারণে কেউ তাঁকে হত্যা করে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। তিনি জানান, গতকাল পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, আসামি নুরুন্নবীকে গ্রেপ্তার করতে পারলে হত্যার রহস্য উদ্ঘাটন করা যাবে।