নিহত সেই তিন যুবকের পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বাইপাস সড়কের গাজীপুর সদর উপজেলার পুবাইল নাগদা সেতুর কাছে রাস্তার ঢালু থেকে গত শুক্রবার উদ্ধার হওয়া গুলিবিদ্ধ দুই যুবকের লাশের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন রাজধানীর ৩৬-বি/৩ দক্ষিণ যাত্রাবাড়ীর মিজানুর হোসেন (২৫) ও ৩১/১ দয়াগঞ্জ সরদারবাড়ির জুয়েল সরদার (২০)। গতকাল রোববার গাজীপুর সদর হাসপাতাল মর্গে স্বজনেরা লাশ দুটি শনাক্ত করেন। একই দিন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলীতে ঢাকা-মাওয়া মহাসড়কের পাশ থেকে উদ্ধার হওয়া গুলিবিদ্ধ লাশটি দয়াগঞ্জের রাজীবের (৩৫)। তিনি নিহত জুয়েলের চাচাতো ভাই। স্বজনদের অভিযোগ, এই তিনজনকে একই সঙ্গে গোয়েন্দা পুলিশের সদস্যরা মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যান। স্বজনেরা প্রথম আলোকে বলেন, গত ৩১ জুলাই সকাল নয়টার দিকে রাজধানীর দয়াগঞ্জ বাজার মোড় থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাদা পোশাকের সদস্যরা চার বন্ধু মিজান, জুয়েল, রাজীব ও রাজনকে শত শত মানুষের সামনে আটক করেন। তাঁদের পিটিয়ে আহত করে হাতকড়া পরিয়ে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যান। তাঁদের মধ্যে রাজন পালিয়ে যেতে সক্ষম হন। নিহত মিজানের বড় ভাই মনির হোসেন প্রথম আলোকে বলেন, মিজানের আটকের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা গেন্ডারিয়া থানায় যান। কিন্তু থানা থেকে মিজানের কোনো খোঁজ দিতে পারেনি। পরদিন সোমবার তিনি গেন্ডারিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ তা নিতে চায়নি। একজন উপপরিদর্শক (এসআই) তাঁকে বলেন, ওদের ডিবি (পুলিশের গোয়েন্দা শাখা) সদস্যরা নিয়ে গেছেন, জিডি নেওয়া যাবে না। পরে অবশ্য থানা সাধারণ ডায়েরি নেয়। কিন্তু ডিবি, র‌্যাব ও রাজধানীর বিভিন্ন থানা ও হাসপাতালে খোঁজ নিয়েও তাঁদের কোনো তথ্য পাওয়া যায়নি। মনির আরও বলেন, ‘বিভিন্ন জাতীয় দৈনিকে “দুই যুবকের লাশ উদ্ধার”-এর সংবাদ দেখে গতকাল বাবাকে (ফারুক হোসেন) নিয়ে গাজীপুর সদর হাসপাতাল মর্গে গিয়ে মিজানের লাশ শনাক্ত করি।’ মনির বলেন, তাঁরা দুই ভাই। উত্তর যাত্রাবাড়ীতে নাসরিন ইঞ্জিনিয়ারিং নামে তাঁদের একটি পারিবারিক ওয়ার্কশপ রয়েছে। তাঁরা দুই ভাই মিলে ওই ওয়ার্কশপ চালাতেন। এক প্রশ্নের জবাবে মনির বলেন, কয়েক বছর আগে দয়াগঞ্জে মোহন নামের একজন খুন হন। সেই হত্যা মামলায় ছোট ভাই মিজানকে ‘ষড়যন্ত্রমূলকভাবে আসামি’ করা হয়েছিল। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আইনের লোকেরা আমার ভাইকে বেআইনিভাবে মেরে ফেলেছে। কী অপরাধ ছিল আমার ভাইয়ের?’নিহত জুয়েলের ফুপু সালমা বেগম বলেন, জুয়েল ফ্রিজ সারাইয়ের কাজ করতেন। তাঁর দয়াগঞ্জ মাজার গলিতে একটি দোকান ছিল। গত ৩১ জুলাই সকালে চাচাতো ভাই রাজীবের (২৫) সঙ্গে বাসা থেকে বেরিয়ে কাছেই বাজারে যাওয়ামাত্র আচমকা অস্ত্র উঁচিয়ে সাত-আটজন লোক তাঁদের ধরে মারধর করে। পরে হাতকড়া পরিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। সালমা বেগম বলেন, গতকাল মুন্সিগঞ্জের সিরাজদিখান সদর হাসপাতালের মর্গে রাজীব এবং গাজীপুরে জুয়েলের লাশ পান। তিনি বলেন, ‘কারা ধরে নিয়ে গিয়ে দুই ভাইকে খুন করল? কী তাঁদের অপরাধ? দেশে কি আইন নাই?’ সিরাজদিখান থানা সূত্রে জানা গেছে, নিহত রাজীবের মাথায় গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। হাত ও পা রশি দিয়ে বাঁধা ছিল।গত শুক্রবার ভোরে ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখানের নিমতলীতে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুিন্সগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। গতকাল খবর পেয়ে তাঁর আত্মীয়স্বজন লাশ শনাক্ত করে নিয়ে যান।