নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের জন্য সরকারি সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যাকাণ্ডের শিকার নিহত সেনা পরিবারগুলোকে সহায়তায় গত এক বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগে সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান নানা পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের মধ্যে নগদ অর্থ, সরকারি চাকরি, বাসস্থান, শিক্ষা ও চিকিত্সা-সহায়তা অন্যতম।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলো হলো প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের উদ্যোগে নিহত পরিবারের দৈনন্দিন খরচ মেটানোর জন্য প্রতি মাসে ৪০ হাজার টাকা করে ১০ বছর পর্যন্ত দেওয়া হচ্ছে। এর মধ্যে গত বছরের ১ এপ্রিল প্রতিটি পরিবারকে এক বছরের জন্য চার লাখ ৮০ হাজার টাকার চেক প্রধানমন্ত্রী হস্তান্তর করেন। দ্বিতীয় বছরের চার লাখ ৮০ হাজার টাকার চেক গত রোববার দেওয়া হয়।এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় বা প্রতিষ্ঠান থেকে অনুদান এবং সরকারি বিভিন্ন ফান্ড থেকে কর্মকর্তাদের পদবি ও চাকরিকাল অনুযায়ী ৯০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়েছে। এ ছাড়া অধিকাংশ পরিবারের পেনশনের অর্থ দেওয়া হয়েছে এবং অবশিষ্ট পরিবারের (ছয়টি পরিবার) পেনশন দেওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আছে। পরিবারের সদস্যদের মধ্যে ৫৬টি পরিবারকে দুই লাখ টাকা করে ট্রাস্ট মিউচুয়াল ফান্ডের প্লেসমেন্ট শেয়ার দেওয়া হয়। যেসব কর্মকর্তার ট্রাস্ট ব্যাংকে ঋণ ছিল, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর ২০০৯ পর্যন্ত তাঁদের ঋণের সুদ মওকুফ করা হয়েছে।নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের এ পর্যন্ত ৩১ জন আবেদনকারীর মধ্যে ২৮ জনের (স্ত্রী ও সন্তান) চাকরি দেওয়া হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে দুজন কর্মকর্তার স্ত্রীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিদেশে বাংলাদেশ দূতাবাসে (অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য) চাকরি দেওয়া হয়। সূত্র জানায়, এ ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ সহায়তায় নিহত পরিবারের মধ্যে মোট চারজন সদস্য বা সন্তানের জন্য এআইইউবি, ব্র্যাক, নর্থ-সাউথ ও শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে বিনা বেতনে উচ্চতর পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। আবেদন করা ৭৯ জন সন্তানের স্কুল-কলেজে ভর্তি ও বিনা বেতনে পড়াশোনার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পরিবারগুলোর জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। অস্থায়ী আবাসন কার্যক্রমের অংশ হিসেবে চাহিদা দেওয়া এ পর্যন্ত মোট ৪৪টি পরিবারের সবাইকে বিভিন্ন সেনানিবাসের ভেতর অস্থায়ীভাবে বাসা বরাদ্দ করা হয়েছে। সব পরিবারের সদস্যদের জন্য সিএমএইচে চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে।