প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে নির্মমভাবে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের কাছে গতকাল বুধবার অনুদানের টাকার চেক হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নিহত কর্মকর্তাদের বিধবা স্ত্রী, সন্তান অথবা আত্মীয়স্বজনেরা এই চেক গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী ২০১৩ সালের জন্য প্রতিটি পরিবার চার লাখ ৮০ হাজার টাকার চেক গ্রহণ করে। খবর বাসসের।প্রতি মাসে প্রতিটি পরিবারকে ৪০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এই অর্থ প্রদান করে। ২৬টি ব্যাংকের এই অ্যাসোসিয়েশন ২০০৯ সাল থেকে ওই পরিবারগুলোকে এ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সব পরিবারের সদস্যদের আপ্যায়ন করেন। এ সময় তিনি তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, বিএবির সভাপতি নজরুল ইসলাম মজুমদার, বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।চলচ্চিত্র নির্মাণে দেশীয় সংস্কৃতির চর্চা উৎসাহিত করার আহ্বান: প্রধানমন্ত্রী গতকাল শেরেবাংলা নগরে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি সমাজ থেকে অশিক্ষা, কুসংস্কার কূপমণ্ডূকতা দূর করতে দেশীয় সংস্কৃতির বিকাশ ও চর্চাকে উৎসাহিত করার মাধ্যমে ভালো মানের চলচ্চিত্র নির্মাণ করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, সব শ্রেণী ও বয়সের মানুষকে সিনেমা হলমুখী করার ক্ষেত্রে বর্তমান প্রজন্মকে জীবনমুখী ছবি নির্মাণে আগ্রহী করে তুলতে হবে। এ লক্ষ্যে সুস্থধারার চলচ্চিত্র নির্মাণে সরকারের অনুদান অব্যাহত থাকবে। বর্তমান সরকার বহির্বিশ্বে চলচ্চিত্রের বাজার সৃষ্টি করতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘ভালো ছবি হবে মন্দ ছবির বিরুদ্ধে বড় হাতিয়ার।’প্রধানমন্ত্রী দর্শকদের সপরিবারে সিনেমা দেখতে আগ্রহী করে তুলতে হলগুলোকে আধুনিক ডিজিটাল প্রযুক্তির ভিত্তিতে সংস্কারের জন্য হলমালিকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতউল্লাহ, তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও জাপান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হিরোওকি মিনামি বক্তব্য দেন।জাপানের ঋণমুক্ত তহবিলের আওতায় ৭৫ কোটি টাকা ব্যয়ে ১ দশমিক ৮৬ একর জমির ওপর ১২ তলা এই ভবন নির্মিত হবে। প্রথম পর্যায়ে সাততলা পর্যন্ত নির্মিত হবে। এতে ফিল্ম হাসপাতাল, ল্যাবরেটরি, জাদুঘর, গ্রন্থাগার, মিলনায়তন, প্রোজেকশন হল, সম্মেলন কেন্দ্র, চলচ্চিত্র কেন্দ্র ও স্টোররুম থাকবে। ২০১৪ সালের জুনের মধ্যে ভবনটির নির্মাণকাজ শেষ হবে।