নিহত হওয়ার গুজবে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় সিরামিক কারখানার কর্মকর্তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তাঁর সহকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা কয়েকটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন। শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও মহাসড়ক পুলিশ সূত্রে জানা গেছে, আরএকে সিরামিক কারখানার স্যানেটারি সুপারভাইজার মামুন মিয়া (৩৫) গতকাল সকাল ১০টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী যাত্রীবাহী এনা পরিবহন তাঁকে চাপা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ইতিমধ্যে কারখানায় খবর পৌঁছায় সড়ক দুর্ঘটনায় মামুন মারা গেছেন।
এ খবর ছড়িয়ে পড়লে কারখানার উত্তেজিত শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। একপর্যায়ে শ্রমিকেরা এনা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগও করেন। পরে শ্রীপুর থানার পুলিশ, মাওনা হাইওয়ে থানা ও গাজীপুর শিল্প পুলিশ এসে ১১টায় উত্তেজিত শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
কারখানার কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।