নিহত হাকিমের মা ও ইয়াকুবের স্ত্রীর সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্কাটনে জোড়া খুন
ইস্কাটনে জোড়া খুন

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় গতকাল বৃহস্পতিবার দুজনের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে। আগামী ২৮ জুন পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-২-এর বিচারক শামসুন্নাহার।
গতকাল সাক্ষ্য দেন এ মামলার বাদী নিহত রিকশাচালক আবদুল হাকিমের মা মনোয়ারা বেগম ও অটোরিকশাচালক ইয়াকুব আলীর স্ত্রী সালমা বেগম। পরে আসামিপক্ষে তাঁদের জেরা করা হয়।
শুনানির আগে এ মামলার একমাত্র আসামি সাংসদপুত্র বখতিয়ার আলম ওরফে রনিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বখতিয়ার ক্রাচের সাহায্যে হেঁটে এজলাসে যান। শুনানিকালে তিনি বেঞ্চে বসেছিলেন।
সাক্ষী মনোয়ারা বেগম আদালতে বলেন, ছেলে আবদুল হাকিম গুলিবিদ্ধ হয়েছে শুনে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে যাওয়ার পর হাকিম তাঁকে বলেন, ইস্কাটনে রাস্তায় দাঁড়ানো একটি গাড়ি থেকে গুলি করা হয়।
মনোয়ারা বেগম আরও বলেন, তাঁর ছেলে বাঁচতে চেয়েছিলেন। বাঁচার জন্য চিৎকার করেছিলেন। সাক্ষ্য দেওয়ার একপর্যায়ে মনোয়ারা কেঁদে ফেলেন।
এরপর সাক্ষ্য দেন নিহত ইয়াকুবের স্ত্রী সালমা বেগম। তিনি সাক্ষ্যে বলেন, তাঁর স্বামী ইয়াকুব দৈনিক জনকণ্ঠ পত্রিকার অটোরিকশাচালক ছিলেন। বখতিয়ার আলম তাঁর স্বামীকে গুলি করেন। আদালতে তিনি বখতিয়ারকে শনাক্ত করেন এবং দায়ী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি চান। আসামিপক্ষের আইনজীবী কাজী নজিবুল্লাহ এ দুই সাক্ষীকে জেরা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি মাকসুদুর রহমান।
গত বছরের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে মদ্যপ অবস্থায় বখতিয়ার গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম রমনা থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে এ মামলা করেন। ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ারকে আটক করে পুলিশ। ২১ জুলাই বখতিয়ারকে একমাত্র আসামি করে আদালতে এ মামলার অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। বখতিয়ার সংরক্ষিত নারী আসনের সাংসদ ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পিনু খানের ছেলে।