নিহত ১১ জনের মধ্যে ১০ জনই ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রলীগ নেতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জনের মধ্যে ১০ জনই ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের নেতা-কর্মী। এই মৃত্যুর ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত ব্যক্তিদের বাড়িতে চলছে মাতম। ঢাকা থেকে প্রায় ৩৫টি মাইক্রোবাসের বহর নিয়ে টুঙ্গিপাড়ায় যান ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের নবনির্বাচিত সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। ঢাকায় ফেরার পথে ভাঙ্গায় তাঁদের গাড়িবহরের একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে। এতে মোট ১১ জন মারা যান।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিরা হলেন: ছাত্রলীগের নির্বাহী কমিটির সদস্য, পৌর এলাকার কাউতলীর মেহেদী হাসান (৩১), ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক এজিএস কাজীপাড়ার আরিফুল ইসলাম (৩০), রিয়াদ (২২), জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক মেড্ডার শওকত হোসেন (২৮), ছাত্রলীগের কর্মী কাউতলীর মোর্শেদ (২৯), কাজীপাড়ার শাহজাহান রহমতুল্লাহ (২৮), শিমরাইলকান্দির শেখ রায়হান (২৮), সরাইল উপজেলার দেওড়া গ্রামের আসিফ (২৮), সদর উপজেলার সুহিলপুরের এমরান (২৮), মধ্যপাড়ার আবদুল আউয়ালের ছেলে তানভীর (২৬) এবং মাইক্রোবাসের চালক সদর উপজেলার রাধিকার মিজানুর রহমান (৩৫)।গতকাল সন্ধ্যায় কাজীপাড়ার আরিফুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা রাহেলা বেগম। চার ভাই ও এক বোনের মধ্যে আরিফুল তৃতীয়। তাঁর বাবা মোমিন মিয়া জানান, পাঁচ বছর আগে ইংল্যান্ডে চলে যায় আরিফুল। স্ত্রী ও একমাত্র সন্তানকে ইংল্যান্ডে রেখে মাস ছয়েক আগে বাড়িতে বেড়াতে আসে। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারতের উদ্দেশ্যে গত বৃহস্পতিবার বিকেলে সে বাড়ি থেকে বের হয়। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে মুঠোফোনে তাঁরা আরিফুলের মৃত্যুর খবর জানতে পারেন। সদর উপজেলার সুহিলপুর গ্রামের এমরানের বাড়িতে গিয়ে দেখা গেছে শোকের ছায়া। চার ভাই ও তিন বোনের মধ্যে এমরান সবার বড়। বাবা আইনজীবী সফিউল্লাহ মারা গেছেন প্রায় ১০ বছর আগে। এখন এমরানই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাড়ির লোকজন জানান, গত বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধুর কবর জিয়ারতের কথা বলে তিনি বাড়ি থেকে ঢাকায় যান।শিমরাইলকান্দি গ্রামের শেখ রায়হানের বাড়িতে গিয়ে দেখা গেছে, বারবার মূর্ছা যাচ্ছেন তাঁর বৃদ্ধ মা। চার ভাই ও পাঁচ বোনের মধ্যে রায়হান ভাইদের মধ্যে তৃতীয়।