নিহত ১১ বাংলাদেশির জন্য তহবিল করবে মরিশাস
সড়ক দুর্ঘটনায় নিহত ১১ বাংলাদেশির জন্য অন্য রকম ভালোবাসা দেখাল মরিশাস। নিহত ওই বাংলাদেশির প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পর এখন তাদের জন্য ৯০ হাজার মার্কিন ডলারের একটি তহবিল করবে দেশটি। মরিশাসের জনগণ ও সরকারের এ ভালোবাসায় মুগ্ধ বাংলাদেশ।মরিশাস থেকে ফিরে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গতকাল মঙ্গলবার তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশিদের জন্য মরিশাস যে ভালোবাসা দেখাল, পৃথিবীর আর কোনো দেশ বাংলাদেশের শ্রমিকদের জন্য এমন ভালোবাসা দেখায়নি।মন্ত্রী জানান, সম্প্রতি মরিশাসে সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনাটি সে দেশের সরকার ও জনগণকে ব্যাপকভাবে আলোড়িত করে। দুর্ঘটনার পর মরিশাস সরকার নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে সাত থেকে আট হাজার মার্কিন ডলার করে দিয়েছে। এ ছাড়া তারা নিহত ১১ জনের পরিবারের জন্য ৯০ হাজার ডলারের একটি তহবিল করতে চায়। ওই অর্থ বাংলাদেশেই বিনিয়োগ করা হবে। আর সেই বিনিয়োগ থেকে পাওয়া অর্থ প্রতি মাসে ১১টি পরিবারের সদস্যদের দেওয়া হবে।খন্দকার মোশাররফ হোসেন আরও জানান, ওই দুর্ঘটনার একটি মামলা মরিশাসের আদালতে বিচারাধীন আছে। এ মামলায় ক্ষতিপূরণ হিসেবে একজন শ্রমিক ছয় বছর মরিশাসে থাকলে যে অর্থ আয় করতেন, সে পরিমাণ অর্থ পাবে তাঁদের পরিবার। বিষয়গুলো নিয়ে আলোচনা করতে মরিশাস বাংলাদেশের শ্রমমন্ত্রীকে সে দেশে আমন্ত্রণ জানিয়েছিল বলে মন্ত্রী জানান। সফর শেষে তিনি গত ২৯ মে দেশে ফেরেন।মরিশাসে শ্রমবাজার সম্প্রসারণ ও অগ্রগতি নিয়ে গতকাল সকালে শ্রম মন্ত্রণালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় শ্রমমন্ত্রী এসব কথা বলেন। মরিশাস বাংলাদেশ থেকে কত লোক নিতে পারে জানতে চাইলে মন্ত্রী বলেন, মরিশাসের মোট জনসংখ্যা ১২ লাখ। কাজেই তারা তাদের জনসংখ্যার চেয়ে বেশি লোক নিতে পারবে না। তারা চার থেকে পাঁচ হাজার শ্রমিক নেওয়ার কথা বলেছে। বর্তমানে দেশটিতে ১২ হাজারের মতো বাংলাদেশি আছে বলে তিনি জানান।এ বছরের ১২ জানুয়ারি মরিশাসে সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি মারা যান। তাঁরা হলেন, আখতার, আল মামুন, জয় হোসেন, মুস্তাফিজুর রহমান, রকিবুল হাসান, মোহাম্মদ সাইদুর, সাগর, জাহিদুল, মোকতার, সেলিম ও ইলিয়াস গাজী। তাঁরা সবাই ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার অধিবাসী ছিলেন।এর আগে গতকাল সকালে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসেম মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় মালদ্বীপের মন্ত্রী জানান, জনবসতিহীন একটি দ্বীপে প্রবাসী শ্রমিকদের জন্য মালদ্বীপের সরকার পাঁচ হাজারের মতো ঘর করে দেবে। এ ছাড়া মালদ্বীপ সরকার সে দেশে বাংলাদেশের শ্রমিকদের ন্যূনতম ৪২০ ডলার করে মজুরি দেবে। মালয়েশিয়ার অবৈধ শ্রমিকদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, দেশটির অবৈধ বাংলাদেশিদের বৈধ করার সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চায় না বাংলাদেশ। এ জন্য তিন লাখ শ্রমিককে আপাতত হাতে লেখা পাসপোর্ট দেওয়া হবে। তবে আন্তমন্ত্রণালয়ের বৈঠকের পরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।