নিহত ৩, আহত ৬ পরীক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাই এবং কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামের সাতকানিয়া এবং চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ছয়জন জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী আহত হয়েছে।

সীতাকুণ্ড: বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. আশিকুর রহমান জানান, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ঢংব্যাং টেক্সটাইল মিলস এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে নোয়াখালীর বসুরহাট থেকে চট্টগ্রামগামী বাসটির চালকের সহকারী (২৫) নিহত হন। তাঁর নাম জানা যায়নি। দুর্ঘটনায় আহত ১৫ জনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট ফরিদ উদ্দীন বলেন, গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের হাদিফকিরহাট ছড়ারকুল এলাকায় কাভার্ড ভ্যান ও কনটেইনারবাহী লরির মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক তোফায়েল আহমদ (৪৫) নিহত হন। দুর্ঘটনায় তাঁর সহকারী আহত হয়েছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তোফায়েলের বাড়ি নোয়াখালীর সেনবাগের মোহাম্মদপুরে।

সাতকানিয়া: স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে তিন ছাত্র জেডিসি পরীক্ষায় অংশ নিতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিল। সাতকানিয়া-বাঁশখালী সড়কের দেওদীঘি বটতল এলাকায় আরেকটি অটোরিকশাকে অতিক্রম করতে গিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে তিন ছাত্র আহত হয়।

আহত পরীক্ষার্থীরা হলো মো. রাকিবুল ইসলাম, আবুল কাশেম সায়েম ও শাহাদাত হোসেন।

সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব মো. রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে আহত তিন পরীক্ষার্থী তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষায় অংশ নিয়েছে।

চকরিয়া: প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে চট্টগ্রামের লোহাগাড়া থেকে চকরিয়ামুখী একটি জিপ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া স্টেশন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে জিপের চালক মোহাম্মদ জাহেদ (৩৭) নিহত হন। তাঁর বাড়ি উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর নুনাছড়িতে।

দুর্ঘটনায় বরইতলী উচ্চবিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী মিশকাত সুলতানা ও রাজিয়া বেগম, উত্তর বরইতলী উচ্চবিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী আবদুল্লাহ মো. সায়েদ, মহেশখালী উপজেলার জাফুয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আক্কাছ (৪০) আহত হন।

বরইতলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার বলেন, তিন পরীক্ষার্থী হাত, হাঁটু ও মাথায় আঘাত পেয়েছে। ক্ষতস্থানে ব্যান্ডেজ নিয়ে তারা গতকাল চকরিয়া বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শেষে তাদের আবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ফয়েজুর রহমান জানান, নিহত চালকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।