নিহত ৩, দুই শিশু নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার দোতলা এই বাড়িটি গতকাল কাপ্তাই হ্রদে হেলে পড়ে l ছবি: প্রথম আলো
রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার দোতলা এই বাড়িটি গতকাল কাপ্তাই হ্রদে হেলে পড়ে l ছবি: প্রথম আলো

রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার একটি দোতলা বাড়ি গতকাল মঙ্গলবার কাপ্তাই হ্রদে হেলে পড়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছে দুটি শিশু।
নিহত ব্যক্তিরা হলেন মো. জাকির হোসেন (৪২), তাঁর মেয়ে পিংকি (১৩) ও পিংকির গৃহশিক্ষক উম্মে হাবিবা (২১)। নিখোঁজ দুই শিশু সাজেদুল (৭) ও সামাদকে (৫) রাত নয়টা পর্যন্ত উদ্ধার করা যায়নি।
স্থানীয় বাসিন্দা উত্তম কুমার দেব ও মো. সেলিম উল্লাহ জানান, বিকেল সোয়া পাঁচটা থেকে সাড়ে পাঁচটার দিকে বিকট শব্দে টিনের ছাদ দেওয়া দোতলা বাড়িটি কাপ্তাই হ্রদের পানিতে হেলে পড়ে।
স্থানীয় লোকজন জানান, হেলে পড়া বাড়িটির মালিক মো. আবু তৈয়ব। বাড়িটিতে চারটি পরিবার থাকত।
খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় সন্ধ্যা ঘনিয়ে আসায় উদ্ধারকাজ ব্যাহত হয়। সন্ধ্যা ছয়টার দিকে জেনারেটর চালু করে উদ্ধারকাজ শুরু করা হয়। এর প্রায় আধা ঘণ্টা পর মো. জাকির হোসেন ও তাঁর মেয়ে পিংকিকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এর ২০ মিনিট পর গৃহশিক্ষক উম্মে হাবিবাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর তিনজনকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মংক্য চিং সাগর বলেন, হাসপাতালে আনার আগেই তিনজন মারা গেছেন।
ঘটনার পরপরই সেনাবাহিনীর রাঙামাটি অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. সানাউল হক, জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান, পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান ঘটনাস্থলে যান। সেনাবাহিনীর রাঙামাটি জোনের অধিনায়ক লে. কর্নেল মো. শামস উদ্দিন নিজে উদ্ধারকাজে সহায়তা করেন।
কয়েকজন উদ্ধারকর্মী বলেন, হেলে পড়া ভবনের মূল দরজা পশ্চিম-দক্ষিণমুখী করে কাপ্তাই হ্রদের দিকে। বাড়িটি হেলে পড়ার পর মূল দরজা পানিতে ডুবে যায়। তাই বাড়িতে ঢোকার কোনো জায়গা ছিল না। এতে বাড়ির দেয়াল ভেঙে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করতে দেরি হয়।
সরেজমিনে দেখা যায়, বাড়িটি হেলে পড়ে অর্ধেক অংশ পানির ভেতরে আর অর্ধেক অংশ ওপরে। সেই বাড়িতে যাওয়ার রাস্তাটি খুবই সংকীর্ণ। একসঙ্গে দুজনের যাওয়ার মতো জায়গাও নেই।
স্থানীয় লোকজন জানান, কাপ্তাই হ্রদের পানিতে বাড়ির নিচের স্তম্ভ ডুবে যাওয়ায় মাটি নরম হয়ে সেটি হেলে পড়েছে বলে তাঁরা ধারণা করছেন।