নিহত ৩ বাংলাদেশি শান্তিরক্ষীকে সম্মাননা জানাল জাতিসংঘ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় নিহত বাংলাদেশি তিন শান্তিরক্ষীসহ ৪৩ দেশের ১১৭ জন আত্মোৎসর্গকারী শান্তিরক্ষীকে ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেলে’ ভূষিত করেছে জাতিসংঘ।
গত বুধবার জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সর্বোচ্চ ত্যাগের স্বীকৃতিস্বরূপ এই শান্তিরক্ষীদের এই সম্মাননা দেওয়া হয়। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজ বাংলাদেশসহ ওই সব দেশের স্থায়ী প্রতিনিধিদের হাতে এ মেডেল তুলে দেন। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন থেকে গতকাল বৃহস্পতিবার ঢাকায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের অধীন মালি মিশনে কর্তব্যরত অবস্থায় ২০১৬ সালের ১৩ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. আবুল বাসার ও বাংলাদেশ পুলিশের কনস্টেবল মোতাহের হোসেন এবং ২০১৬ সালের ১৫ মে সামিদুল ইসলাম নিহত হন।
বাংলাদেশের পক্ষ থেকে ওই মেডেল গ্রহণ করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। বাংলাদেশ স্থায়ী মিশনের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল খান ফিরোজ আহমেদসহ জাতিসংঘে কর্মরত বাংলাদেশ সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।