নিহত ৩ শ্রমিকও মামলার আসামি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের নয়াপাড়া এলাকায় গতকাল মালটিফ্যাবস কারখানার ধ্বংসস্তূপ পরিদর্শন করে তদন্ত কমিটি l ছবি: প্রথম আলো
গাজীপুরের নয়াপাড়া এলাকায় গতকাল মালটিফ্যাবস কারখানার ধ্বংসস্তূপ পরিদর্শন করে তদন্ত কমিটি l ছবি: প্রথম আলো

গাজীপুরের কাশিমপুরে মালটিফ্যাবস লিমিটেড নামের পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় হত্যা মামলা করেছে পুলিশ। এতে কারখানার তিন শ্রমিকের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। নাম উল্লেখ থাকা তিন শ্রমিকই ওই বিস্ফোরণে নিহত হয়েছেন। তবে কারখানা কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ থাকলেও আসামির তালিকায় তাঁদের নাম নেই।

ফায়ার সার্ভিস গত মঙ্গলবার রাতেই উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেছে এবং নিহত ১৩ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জয়দেবপুর থানার অধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রশীদ বাদী হয়ে মঙ্গলবার রাতে জয়দেবপুর থানায় মামলাটি করেন। এজাহার সূত্রে জানা গেছে, মামলায় আসামি হিসেবে যে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে তাঁরা হলেন কারখানার বয়লার অপারেটর চট্টগ্রামের মিরসরাইয়ের আবদুস সালাম (৪৮), মুনসুরুল হক (৪১) এবং ফেনী সদর থানার মো. এরশাদ হোসেন (৩৭)।

জানতে চাইলে বাদী এএসআই আবদুর রশীদ গতকাল বুধবার সকালে প্রথম আলোকে বলেন, মামলার কপি এখনো পড়া হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে চেয়েছেন, সেভাবেই মামলাটি করা হয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত ওই তিনজন বয়লারটি অপারেট করছিলেন, তাঁদের কারণে বয়লারটিতে বিস্ফোরণ ঘটে। তাই মামলায় তাঁদের আসামি করা হয়েছে। পরবর্তী তদন্তে নিহত ব্যক্তিদের অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হবে।

কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ থাকলেও মামলায় তাঁদের কারও নাম নেই কেন জানতে চাইলে ওসি বলেন, ঘটনার সময় মালিক বা কর্তৃপক্ষের কেউ সেখানে ছিল না। তবে তদন্তে তাদের কোনো গাফিলতি পাওয়া গেলে তাদেরও মামলায় অন্তর্ভুক্ত করা হবে।

এদিকে ছাড়পত্র ছাড়া বয়লার চালানোর দায়ে মালটিফ্যাবস কর্তৃপক্ষকে মঙ্গলবার ২০ হাজার টাকা জরিমানা করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়। প্রধান বয়লার পরিদর্শক মোহাম্মদ আবদুল মান্নান গতকাল প্রথম আলোকে বলেন, কারখানাটির বিরুদ্ধে অনুমোদনের চেয়ে বেশি চাপে এবং ছাড়পত্র ছাড়া বয়লার চালানোর অভিযোগে এই জরিমানা করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় কাশিমপুরের নয়াপাড়ায় মালটিফ্যাবস লিমিটেডে বয়লার বিস্ফোরণে ১৩ জন নিহত এবং প্রায় ৫২ জন শ্রমিক ও পথচারী আহত হন। এ ঘটনা তদন্তে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও শিল্প পুলিশের পক্ষ থেকে তিনটি তদন্ত কমিটি করা হয়েছে।

এজাহারের নিচের দিকে উল্লেখ করা হয়েছে, কারখানা কর্তৃপক্ষ গত ২৫ জুন থেকে ঈদ উপলক্ষে ৯ দিনের ছুটি দেয়। ৪ জুলাই কারখানা খোলার দিন ছিল। অপরদিকে বেশ কয়েক দিন আগে মালটিফ্যাবস নিট কম্পোজিটের ডাইং বয়লারের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কর্তৃপক্ষ বয়লারটি নবায়নের জন্য প্রকৌশলী দিয়ে পরীক্ষা করার জন্য শিল্প মন্ত্রণালয়ের অধীন বয়লার অধিদপ্তর বরাবর লিখিত আবেদন করে। ইতিমধ্যে কারখানার ডাইং শাখার অধিকাংশ শ্রমিক-কর্মচারী কর্মস্থলে যোগ দিয়েছেন। কিন্তু বয়লার অধিদপ্তরের প্রকৌশলী দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার আগেই ডাইং সেকশনে কর্মরত বয়লার অপারেটর আ. সালাম, এরশাদ হোসেন, মনসুরুল হক ৩ জুলাই সন্ধ্যায় বয়লার ঠিক আছে কি না, তা দেখতে কর্তৃপক্ষকে না জানিয়ে বা অনুমতি না নিয়ে বয়লারটি চালু করেন। এর কারণে সন্ধ্যার দিকে বয়লারটিতে বিস্ফোরণ ঘটে। ৩০২/৩০৭/৩২৬/৩৩৬/৩৩৮ ও ৪২৭ ধারায় মামলাটি করা হয়েছে।

কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু শিহাব প্রথম আলোকে বলেন, ‘কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কারখানায় প্রবেশ করাও সম্ভব নয়। তাঁরা অনুমতি নিয়েই বয়লারটি সার্ভিসিং করছিলেন।’

কারখানা কর্তৃপক্ষ, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র বলেছে, কারখানার ধ্বংসস্তূপে আর কোনো লাশ না থাকায় মঙ্গলবার রাত ১০টায় আনুষ্ঠানিকভাবে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এখন যে ধ্বংসস্তূপ রয়েছে সেগুলো কারখানা কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় সরিয়ে ফেলবে। বয়লার বিস্ফোরণের প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের জন্য জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো. কামরুজ্জামানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মামুন শিবলী বলেন, মামলায় উল্লেখ করা নাম তিনটি তাঁদের তৈরি করা মৃত ব্যক্তিদের তালিকায় রয়েছে। মঙ্গলবার তাঁদেরসহ নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের তরফ থেকে ২০ হাজার টাকা করে অনুদান ও লাশ হস্তান্তর করা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ বলেছে, ৪ জুলাই কারখানা পুরোপুরি চালু হওয়ার কথা থাকলেও ডাইংসহ কয়েকটি বিভাগ ১ জুলাই চালু করা হয়। ডাইংয়ে কাজ করছিলেন ১৩২ জন এবং বয়লারসহ অন্য সব শাখায় কাজ করছিলেন ৫১৩ জন শ্রমিক। ঘটনার দিন বয়লার অপারেটররা বয়লারটি মেইনটেন্যান্সের কাজ করছিলেন। পাশাপাশি ডাইং সেকশনেও শ্রমিকেরা কাজ করছিলেন।

গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, নিহত ১৩ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম বলেন, ঘটনার দিন যাঁরা আহত হয়েছেন, তাঁদের জবানবন্দি নেওয়া হয়েছে। কারিগরি দিক দেখার জন্য এক বিশেষজ্ঞকে আনা হয়েছে। আরও সাতটি বিষয় সামনে নিয়ে তাঁরা তদন্ত করছেন।