নিহত ৫, আহত ২৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গতকাল বুধবার দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। এর মধ্যে রংপুরের পীরগঞ্জেই দুটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে প্রাণ হারান চার বাসযাত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী নাবিল পরিবহন এবং ঢাকা থেকে কুড়িগ্রামগামী আদর পরিবহনের দুটি বাস রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জের সয়েকপুর নামক স্থানে একটি আরেকটিকে অতিক্রমের সময় দুর্ঘটনার শিকার হয়। গতকাল দুপুরে দুটি বাসই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে আদর পরিবহনের যাত্রী রংপুরের মিঠাপুকুর উপজেলার ফরমোছেরপাড়ার শরিফুল ইসলাম (১৮) ঘটনাস্থলে মারা যান। এ ছাড়া পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান আদর পরিবহনের আরও দুই যাত্রী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার হরিরামপুর এলাকার সুমন (১৯) ও কুঠি চন্দ্রখানা এলাকার বেলাল হোসেন (২৫)। এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান নাবিল পরিবহনের যাত্রী নীলফামারীর সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়ার শামীম (৫০)। এ ছাড়া দুই বাসের আহত ২৫ জন যাত্রীকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সন্ধ্যায় তাঁদের মধ্য থেকে গুরুতর আহত ১৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়ি দুটির চালক ও সহযোগী পলাতক রয়েছেন। দুর্ঘটনার পর জেলা প্রশাসক রাহাত আনোয়ার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাওয়ার টিলার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারী ঘটনাস্থলেই মারা গেছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের চালক ও আরোহী। আহত ব্যক্তিদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পীরগঞ্জ-কর্ণাই-বৈরচুনা সড়কের দক্ষিণ নওপাড়া নামক স্থানে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত নারীর নাম জাহানারা বেগম (৫০)।
বৈরচুনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব আলী জানান, হতাহত ব্যক্তিরা সবাই ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা।
পীরগঞ্জ দমকল বাহিনী ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেল ও বিপরীতমুখী কাঠবোঝাই পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের আরোহী জাহানারা ছিটকে পড়ে পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শওকত হোসেন বলেন, নেহতদের নিকটজনের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের মৌখিক অনুমতি দেওয়া হয়েছে।