গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় পোশাক কারখানা মাল্টি ফ্যাবস লিমিটেডের বয়লার বিস্ফোরণের ঘটনায় নিহত ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বগুড়ার সোনাতলার নামাতখালী গ্রামের মাহবুবুর রহমান (২৩), চট্টগ্রামের মিরসরাইয়ের আবদুস সালাম (৫৫), চাঁদপুর সদরের মদনার গিয়াস উদ্দিন (৩৬), মাগুরার হারিসপুরের আল আমিন (৩০), রাজবাড়ীর গোয়ালন্দের বিপ্লব চন্দ্র শীল (৩৮) এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মজিবুর রহমান (৩৭)।

গাজীপুর জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের মধ্য চারজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুজনের লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
উদ্ধারকাজে ফায়ার সার্ভিস
গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় পোশাক কারখানা মাল্টি ফ্যাবস লিমিটেডের বয়লার বিস্ফোরণের ঘটনায় আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। উদ্ধারকাজের শুরুতে সকাল সোয়া আটটার দিকে একজনের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে গতকাল সোমবার সন্ধ্যার এ ঘটনায় মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ১০-এ।

কারখানার সামনে স্বজনদের ভিড়
কারখানা এলাকার সামনে ভিড় করছেন নিহত ব্যক্তিদের স্বজন ও নিখোঁজ কয়েকজন শ্রমিকের স্বজনরা। কারখানা এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। কারখানা এলাকার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছেন—এমন দাবি করে কারখানা ফটকে অবস্থান করছেন তাঁদের পরিবার-পরিজন।
স্বজনের খোঁজে আসা নাজমুল ইসলাম নামের একজন প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর ভাই নজরুল ইসলাম এখনো নিখোঁজ। তাঁদের বাড়ি গাইবান্ধার সাঘাটায়।
এ ছাড়া আমিরুজ্জামান, এশাদুল্লাহ, মাসুদ রানাসহ কয়েকজন শ্রমিক নিখোঁজ আছেন বলে স্বজনেরা কারখানার সামনে ভিড় করছেন।
মেহেদী হাসান নামের একজন বলেন, তাঁর বাবা আসলাম বয়লার অপারেটর হিসেবে এ কারখানায় কাজ করতেন। গতকাল তাঁর বাবার ডিউটি ছিল না। কিন্তু সন্ধ্যায় কারখানা থেকে ফোনে জানানো হয়, বয়লারে ত্রুটি আছে, তাড়াতাড়ি আসতে হবে। তাঁর বাবা বাসা থেকে বের হয়ে যাওয়ার ১০ মিনিট পরে তাঁরা খবর পান যে বয়লার বিস্ফোরণ হয়েছে।

গাজীপুরে ১০ পোশাক কারখানা বন্ধ
গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় পোশাক কারখানা মাল্টি ফ্যাবস লিমিটেডের বয়লার বিস্ফোরণের ঘটনায় ওই এলাকার ১০টি পোশাক কারখানা আজ এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২ জোনের ইন্সপেক্টর আবদুল খালেক প্রথম আলোকে জানান, নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লিমিটেডে বয়লার বিস্ফোরণের ঘটনায় আশপাশের ১০টি পোশাক কারখানা আজ এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঈদের ছুটির পর কারখানাটি আজ খোলার কথা ছিল। এ জন্য গতকাল থেকে প্রস্তুতি নিচ্ছিল কারখানা কর্তৃপক্ষ। দুপুরের পর ডাইং ইউনিটের বয়লার সেকশনটি চালু করা হয়। এতে ২৫ থেকে ৩০ জন শ্রমিক কাজ করছিলেন। সন্ধ্যা সোয়া সাতটার দিকে হঠাৎ বিকট শব্দে বয়লারটির বিস্ফোরণ ঘটলে চারতলা ভবনের নিচতলা ও দোতলার দুই পাশের দেয়াল, দরজা-জানালা ও যন্ত্রাংশ উড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। এতে কারখানার শ্রমিক ছাড়াও সামনের রাস্তা দিয়ে চলাচলকারী লোকজন আহত হন।
গত বছরের ১০ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীতে টাম্পাকো ফয়েলস লিমিটেড নামে একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৩৮ জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হন।
আরও পড়ুন...