নিহত ৬১ জনের নাম সংগ্রহের দাবি অধিকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে গত ৫ মে রাতে হেফাজতে ইসলামকে হটাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত হয়েছেন—এমন ৬১ জনের নাম সংগ্রহ করেছে বলে দাবি করেছে অধিকার।

বেসরকারি এই মানবাধিকার সংস্থার এক তথ্যানুসন্ধান প্রতিবেদনে এ দাবি করা হয়। তবে নিহত ৬১ জনের তালিকা প্রকাশ করা হয়নি। ‘হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশ এবং মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক ২৮ পৃষ্ঠার এ প্রতিবেদন গতকাল সোমবার বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়। একই সঙ্গে তা অধিকারের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।

জানতে চাইলে অধিকারের পরিচালক এ এস এম নাসিরউদ্দীন প্রথম আলোকে বলেন, ৬১ জনের নিহতের তালিকা তাঁদের হাতে রয়েছে। আরও তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ চলছে। নিখোঁজ ব্যক্তিদের তালিকা করারও চেষ্টা চলছে বলে তিনি জানান।

অবশ্য এর আগে ৭ মে এক বিবৃতিতে মতিঝিলের অভিযানে ‘নির্বিচারে শত শত নিরস্ত্র হেফাজত কর্মী নিহত হওয়ার’ কথা উল্লেখ করে ঘটনার নিন্দা জানিয়েছিল অধিকার।

গতকাল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সেদিন কত লাশ, কীভাবে, কোথায় সরানো হয়েছে এবং নিহত ব্যক্তির সঠিক সংখ্যা যাচাই কঠিন হলেও মানবাধিকারের দিক থেকে তা গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সবার কাছে সত্য অনুসন্ধানের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে একশ্রেণীর শিক্ষিত মানুষের নীরবতায় উদ্বেগ প্রকাশ করেছে অধিকার। একই সঙ্গে হেফাজতের সমাবেশে শিশুদের নিয়ে আসার সমালোচনা করা হয়। তবে ৫ মে দিনভর পল্টন ও মতিঝিল এলাকায় যে ধ্বংসযজ্ঞ চালানো হয়, সে বিষয়ে প্রতিবেদনে কিছুই উল্লেখ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, ৫ মে সকালে ঢাকার প্রবেশমুখে আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীদের দ্বারা আক্রমণের শিকার হন হেফাজতের কর্মীরা। এ সময় পুলিশ সরকারি দলের সশস্ত্র সন্ত্রাসীদের সাহায্য করে।

এরপর মতিঝিলের প্রতিটি রাস্তার বিদ্যুৎ বন্ধ করে দিয়ে রাত সোয়া দুইটার দিকে যৌথ বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য ঘুমন্ত ও নিরস্ত্র হেফাজতের কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়েন। নির্বিচারে গরম পানি, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি ছুড়তে থাকে। অভিযানের ঘটনা প্রকাশ হওয়ার ভয়ে বন্ধ করে দেওয়া হয় বিরোধীদলীয় টেলিভিশন চ্যানেল হিসেবে পরিচিত ইসলামিক টিভি ও দিগন্ত টিভি। সরকার প্রথমে দাবি করেছিল অভিযানে কেউ হতাহত হয়নি, পরে বলেছে ১১ জন নিহত হয়েছে। কিন্তু হেফাজতের পক্ষ থেকে অধিকারকে বলা হয়েছে, এ পর্যন্ত ২০২ জন নিহত ও আড়াই হাজার ব্যক্তি নিখোঁজ রয়েছেন। অনুসন্ধান চালিয়ে অধিকার এখন পর্যন্ত নিহত ৬১ জনের নাম সংগ্রহ করতে পেরেছে।

প্রতিবেদনে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে একটি বিশ্বাসযোগ্য তদন্ত কমিটি গঠনের কথা বলা হয়েছে। যে কমিটি হতাহত মানুষের সংখ্যা ও তাঁদের অবস্থান, নিহত ব্যক্তিদের কবর কোথায় দেওয়া হয়েছে—সে তথ্য অনুসন্ধান করবে।

অধিকারের এ দাবি সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের বক্তব্য জানতে প্রথম আলোর পক্ষ থেকে গত রাতে যোগাযোগ করা হলেও কেউ বক্তব্য দিতে রাজি হননি।