৭ জনের লাশ হস্তান্তর

রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাতজনের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতেই এ লাশ হস্তান্তর করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
আজ শুক্রবার সকাল ৭টা থেকে ওই ঘটনায় নিহত একজনের লাশের ময়নাতদন্ত চলছে।
যাঁদের লাশ হস্তান্তর করা হয়েছে, তাঁরা হলেন আতিকুর রহমান (৪২), আমির হোসেন রাব্বি (২৯), ইফতেখার হোসেন (৩৭), জারিন আহসান বৃষ্টি (২৫), তানভীর সিদ্দিক আবির (২৯), মঞ্জুর হাসান (৪৯) ও ফজলে রাব্বি (৩০)।
ময়নাতদন্ত চলছে নিহত আহমেদ জাফরের (৫২)। সকাল ৭টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের অধ্যাপক ড. সোহেল মাহমুদ মর্গে আসেন এবং আহমেদ জাফরের ময়নাতদন্ত শুরু করেন। স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে অপেক্ষা করছেন।