বগুড়ার শেরপুরে গাড়িদহ ইউনিয়নের বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার জামুয়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে তরিকুল ইসলাম (৩০)। পুলিশ জানিয়েছে, নিহত তরিকুল নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য।
তরিকুলের স্বজনেরা গতকাল মঙ্গলবার দুপুরে তাঁর পরিচয় নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান।
গাড়িদহ ইউনিয়নের জোয়ানপুর কুঠিরভিটা গ্রামে মাহবুবুর রহমানের বাড়িতে গত রোববার রাতে বোমা তৈরির সময় বিস্ফোরণে তরিকুলসহ দুজন নিহত হন। পরদিন ওই বাড়িতে অভিযান চালিয়ে হাতে তৈরি গ্রেনেড, বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শেরপুর থানায় সন্ত্রাসবিরোধী, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে তিনটি মামলা করেছে।
বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, বিস্ফোরণে নিহত জেএমবি সদস্য তরিকুল ইসলামের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া গেছে। শেরপুরের ওই বাড়িটি ভাড়া নিয়ে সেখানে জঙ্গি আস্তানা গড়ে তুলে হাতে তৈরি গ্রেনেড বানাচ্ছিল জেএমবি। তরিকুল ২০০৫ সালের সিরিজ বোমা হামলা মামলায় সিরাজগঞ্জে গ্রেপ্তার হয়েছিলেন এবং তিন বছর হাজতবাস করেছিলেন বলেও প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, ঘটনাস্থলে একটি পাসপোর্ট পাওয়া যায়। ওই পাসপোর্টের সূত্র ধরে সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল ইউনিয়নের জামুয়া গ্রামে গিয়ে তরিকুলের পরিবারের সদস্যদের নিয়ে আসা হয়। তাঁরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে তরিকুলের লাশ শনাক্ত করেন। মিজানুর রহমান নামে পরিচয় দিয়ে এক ব্যক্তি বাড়ি ভাড়া নেওয়ার সময় তরিকুলকে তাঁর ভগ্নিপতি বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন। অপরজনের লাশ হাসপাতাল মর্গে আছে। তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।
বগুড়ার ডিবি পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তরিকুলের বাবা আবু বকর সিদ্দিক, ভাই সানাউল্লাহ, জামুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লিয়াকত আলী, বরকত উল্লাহ, বোন শাকেরা খাতুন এবং ভাবি মাহবুবা খাতুনকে আটক করেছে পুলিশ।
জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রাম পীরের আস্তানায় পাঁচ খুন মামলার নথি সংগ্রহ করে দেখা গেছে, ২০০৩ সালের ২০ জানুয়ারি রাতে পীরের আস্তানায় হানা দিয়ে পাঁচজনকে জবাই করে হত্যা করে জেএমবি। ওই ঘটনায় অভিযুক্তদের মধ্যে একজন হচ্ছেন তরিকুল। সিরাজগঞ্জের জামুয়া গ্রামের জেএমবি সদস্য তরিকুল ওই হামলায় অংশ নেন বলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত শেষে ২০০৮ সালের নভেম্বরে আদালতে দাখিল করা অভিযোগপত্রে উল্লেখ করে। তখন তরিকুলকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। কিন্তু পরে কারাগার থেকে বেরিয়ে গেলেও ওই মামলায় তিনি জামিন নেননি, হাজিরাও দেননি।
পুলিশ জানিয়েছে, তারা এখন ভাড়াটে ও অটোরিকশাচালক বলে পরিচয় দেওয়া মিজানুরকে খুঁজছে। তাঁকে পাওয়া গেলে ওই অঞ্চলে জেএমবির তৎপরতা সম্পর্কে বিস্তারিত তথ্য উদ্ঘাটন করা যাবে।