নিহতদের ছবি প্রকাশ, নাম-ঠিকানাসহ তথ্য জানাতে আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কল্যাণপুরে নিহত নয় ‘জঙ্গির’ ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নিহত জঙ্গিদের নাম-ঠিকানাসহ কোনো তথ্য জানা থাকলে তা পুলিশকে জানাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
ডিএমপির ফেসবুক পেজে গতকাল সন্ধ্যায় এই নয়জনের ছবি প্রকাশ করা হয়। এরপর বলা হয়, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে আপনার সর্বাত্মক সহযোগিতা কামনা করছে। আজ ২৬ জুলাই কল্যাণপুরে পুলিশের সাথে গুলি বিনিময়কালে নিহত জঙ্গি/ সন্ত্রাসীদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা জানা থাকলে এই পেজের ইনবক্সে প্রদান করুন। অথবা ই-মেইল করুন cyberunit@dmp. gov.bd এই ঠিকানায়।’
এর আগে দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, নিহত জঙ্গিদের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ করা হবে।
তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রকিবুল হাসান নিহত ব্যক্তিদের মধ্যে আটজনের নাম জানিয়েছেন বলে হাসপাতালের একটি সূত্র জানায়। তাঁরা হলেন রবিন, সাব্বির, অভি, আকিব, সোহান, ইমরান, তাপস ও ইকবাল।
কল্যাণপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন ৫ নম্বর সড়কের একটি ভবনে গতকাল অভিযান চালায় পুলিশ। এতে নয় ‘জঙ্গি’ নিহত হয়। একজনকে আহত অবস্থায় আটক করা হয়।