নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়ন পরিষদে (ইউপি) গত সোমবারের সংঘর্ষে নিহত চারজনের মধ্যে তিনজনই মারা গেছেন গুলিবিদ্ধ হয়ে। অন্যজন টেঁটাবিদ্ধ হন।
ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান আবদুল হক সরকারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় হতাহতের এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিনটি মামলা করেছে। এতে ২৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় দুই হাজার মানুষকে আসামি করা হয়েছে।
সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে নীলক্ষা ইউনিয়নের আমিরাবাদ গ্রামের শাহজাহান মিয়া টেঁটাবিদ্ধ হয়ে মারা গেছেন। একই গ্রামের মানিক মিয়া, সোনাকান্দী গ্রামের মোমেন মিয়া ও খোকন মিয়া মারা গেছেন গুলিবিদ্ধ হয়ে। তিনি বলেন, সোমবারের সংঘর্ষে দুপক্ষই অনেকগুলো আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও রাবার বুলেট ও শটগানের গুলি ছোড়ে। সুতরাং গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া ব্যক্তিরা কাদের ছোড়া গুলিতে নিহত হয়েছেন, তা এখন নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।
ঘটনার তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটির প্রধান হচ্ছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অপারেশন) আবুল কালাম সিদ্দিকী। তিনি বলেন, ‘চরাঞ্চলের মানুষের সংঘর্ষের কারণ ও ধরন ভিন্ন। কয়েক দিন চেষ্টা করেও তাদের নিবৃত্ত করা যায়নি। বরং তারা উল্টো পুলিশের ওপর হামলা চালায়। এবার আমরা সমস্যার গভীরে গিয়ে স্থায়ী সমাধানের পথ বের করতে চাই।’
সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। তাঁদের গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে নরসিংদী কারাগারে পাঠানো হয়েছে। বিকেলে ময়নাতদন্ত শেষে নিহত ব্যক্তিদের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
গতকাল সকালে মামলা তিনটি হয় রায়পুরা থানায়। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন উপপরিদর্শক (এসআই) জাহিরুল ইসলাম। এতে ৮৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। চারজনকে হত্যা ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলাটির বাদী এসআই ওবায়দুর রহমান। ওই মামলায় ১৬০ জনের নাম উল্লেখ করা হয়। ঢাকার মিরপুরের বাসিন্দা সুলায়মান মিয়া নামের এক ব্যক্তিকে একমাত্র আসামি করে তৃতীয় মামলাটি হয় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে।