নিহতদের পরিচয় নিশ্চিত হয়েই জানানো হবে: ডিএমপি কমিশনার
রাজধানীর কল্যাণপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত নয়জনের নাম-পরিচয় নিশ্চিত হয়েই জানানো হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
আজ বুধবার রাজধানীতে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন ডিএমপি কমিশনার।
জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশ বেতার ওই মতবিনিময় সভার আয়োজন করে।
আছাদুজ্জামান মিয়া বলেন, কল্যাণপুরে অভিযানে আহত অবস্থায় একজনকে আটক করেছে পুলিশ। তাঁর নাম-পরিচয় জানা গেছে। সেখানে নিহত নয়জনের নাম-পরিচয়ও জানার চেষ্টা চলছে। কিছু তথ্য পাওয়া গেছে। অতীতে দেখা গেছে, জঙ্গিদের নাম নিয়ে বিভ্রান্তি হয়। এবার বিভ্রান্তি এড়াতে সব তথ্য যাচাইবাছাই শেষে নিশ্চিত হয়েই জঙ্গিদের নাম-পরিচয় জানানো হবে।
আটক ব্যক্তির বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, তাঁকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানান, নিহত নয়জনকে এক বছর আগে জঙ্গি দলে ভেড়ানো হয়। আহত ব্যক্তি অসুস্থ। তাঁকে সুস্থ করার চেষ্টা চলছে। সুস্থ হলে তাঁর কাছ থেকে বাকি তথ্য নেওয়া হবে।
আছাদুজ্জামান মিয়া বলেন, নিহত নয়জনের পরিচয় জানার জন্য তাদের আঙুলের ছাপ এনআইডি কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। বিষয়টি পুলিশও যাচাইবাছাই করছে। নয়জনের লাশেরই ময়নাতদন্ত হবে। তাদের ডিএনএর নমুনাও সংগ্রহ করা হয়েছে।
ঢাকার বাড়িওয়ালাদের ভাড়াটের তথ্য পুলিশকে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার।