গাজীপুর সদর উপজেলায় ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে নিহত দুই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। এ ঘটনায় একটি ডাকাতি মামলা এবং অজ্ঞাত পরিচয়ের শতাধিক বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। রোববার দিবাগত রাতে উপজেলার হায়দরাবাদ গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীর গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই এলাকায় ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় গ্রামবাসী পালাক্রমে রাত জেগে পাহারা দেয়। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে হায়দরাবাদ গ্রামে ১০-১২ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পাহারারত লোকজন তাদের ধাওয়া করে। একই সঙ্গে গ্রামের মসজিদের মাইকেও ঘোষণা দেওয়া হয়। গ্রামবাসীর ধাওয়া খেয়ে একপর্যায়ে ডাকাতদলের দুই সদস্য একটি খালের পানিতে ঝাঁপিয়ে পড়েন। অন্যরা ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়। এলাকাবাসী ওই দুই ডাকাতকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে তাঁদের উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান।জয়দেবপুর থানাধীন পূবাইল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল করিম বলেন, ডাকাতদের লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে। এখন পর্যন্ত তাঁদের কারও পরিচয় পাওয়া যায়নি।