নিহতদের পরিবার পাবে দুই লাখ টাকা করে
গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীতে এক কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতদের পরিবারকে দুই লাখ করে টাকা দেবে সরকার। এই দুর্ঘটনায় যাদের অঙ্গহানি ঘটেছে, তাঁদের প্রত্যেককেও দুই লাখ টাকা করে দেওয়া হবে।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক আজ শনিবার প্রথম আলোকে এ কথা বলেন। তিনি বলেন, এই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাঁদের চিকিৎসার খরচও বহন করবে সরকার। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে এই সহায়তা করা হবে।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম জানিয়েছেন, নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি ২০ হাজার টাকা এবং আহত ব্যক্তিদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
সকাল ছয়টার দিকে ফয়েল পেপার ও কেমিক্যাল-জাতীয় দ্রব্য প্রস্তুতকারী কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে ২২ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে। আগুনে পাঁচতলা ভবনটির ওপরের তিনতলার অনেকটাই ধসে গেছে। ভবনের বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে।