নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে দেবে ডাচ্-বাংলা ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডাচ্-বাংলা ব্যাংক। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাচ্-বাংলা ব্যাংক জানায়, রানা প্লাজা ধসে প্রাণহানির ঘটনায় তারা শোকাভিভূত। এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক শ্রমিকের পরিবারের প্রতি ব্যাংক সহানুভূতি প্রকাশ করছে। এই সহানুভূতির নিদর্শন হিসেবে প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।আনসার বাহিনীর অনুদান: এদিকে রানা প্লাজা ধসে আহত শ্রমিকদের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা অনুদান দিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, চিকিৎসাধীন গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে পাঁচ লাখ টাকা দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিম উদ্দীন। বাকি পাঁচ লাখ টাকা সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পৃষ্ঠপোষক ও অধ্যক্ষ মো. এনামুর রহমানের হাতে তুলে দেওয়া হয়। এ সময় বাহিনীর মহাপরিচালক গুরুতর আহত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নামের তালিকা চান।