ঢাকা-বরিশাল মহাসড়কে উজিরপুর উপজেলায় বাসচাপায় ১২ জন পথচারী নিহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ ধার্য করার প্রতিবাদে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। গতকাল সোমবার সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত এ কমসূচি চলার কথা।
জেলা বাস মালিক সমিতির দাবি, এই কর্মসূচি অবৈধ। জনদুর্ভোগ সৃষ্টির জন্য তা করা হয়েছে। এমনকি বিষয়টি সমিতিকেও জানানো হয়নি। ঈদের আগে এ ধর্মঘট ডাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গতকাল নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, ঢাকা-বরিশাল যাত্রাপথের সব বাস বন্ধ। যাত্রীরা বিকল্প পথে ঢাকায় যাচ্ছে। তবে বরিশালের সঙ্গে মাওয়ায় যান চলাচল করছে। এ ছাড়া অভ্যন্তরীণ যাত্রাপথে বাস চলাচল অব্যাহত ছিল।
১১ জুলাই ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলায় হানিফ পরিবহনের একটি বাসচাপায় ব্যবসায়ী, অটোচালক, পথচারীসহ ১২ জন নিহত হন। আহত হন কমপক্ষে ৩০ জন।এ ঘটনায় ১৯ জুলাই বরিশাল সার্কিট হাউসের সম্মেলনকক্ষে সমঝোতা বৈঠক হয়। এতে স্থানীয় সাংসদ তালুকদার মো. ইউনুস, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, পুলিশ সুপার এহসানউল্লাহ ও হানিফ পরিবহনের ব্যবস্থাপক আবু তালেব কচি উপস্থিত ছিলেন।নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে ৬০ হাজার টাকা এবং আহত ব্যক্তিদের পরিবারকে ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার অনুরোধ জানানো হয়। তবে এ সময় হানিফ পরিবহনের পক্ষ থেকে ক্ষতিপূরণের অর্থ কমানোর অনুরোধ করা হয়।
পরে গত রোববার ঢাকায় বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জরুরি বৈঠক করে। অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সামিউল্লাহর সভাপতিত্বে বৈঠকে দাবি করা হয়, বরিশালে সমঝোতা বৈঠকে একতরফাভাবে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। এর প্রতিবাদে তাঁরা ঢাকা-বরিশাল মহাসড়কে ২৪ ঘণ্টার এ ধর্মঘটের ডাক দেন।
হানিফ পরিবহনের ব্যবস্থাপক আবু তালেব কচি প্রথম আলোর কাছে অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগের নেতারা একতরফাভাবে ক্ষতিপূরণ ধার্য করেন। এর প্রতিবাদে কর্মসূচি দিয়েছে অ্যাসোসিয়েশন।
জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. আফতাব হোসেন বলেন, ‘হানিফ পরিবহনের বাসটি উজিরপুরে ১২ জন মানুষকে চাপা দিয়ে হত্যা করেছে। এ ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে ৬০ হাজার টাকা করে দেওয়ার অনুরোধ জানানো হয়। এরপর কোনো আলোচনা ছাড়াই ঢাকায় গিয়ে ধর্মঘটের এ ডাক দেওয়া হয়। এ ব্যাপারে জেলা বাস মালিক সমিতির সঙ্গেও কোনো আলোচনা করা হয়নি। আমাদের প্রশ্ন, এই ধর্মঘট কাদের বিরুদ্ধে। নিহত ব্যক্তিদের, নাকি সাধারণ মানুষের বিরুদ্ধে?’
এ ব্যাপারে বানারীপাড়া-উজিরপুর এলাকার সাংসদ তালুকদার মো. ইউনুস বলেন, গাড়িচাপায় ১২ জন মারা গেছেন। তাঁদের পরিবারের আয়ের উৎস শেষ হয়ে গেছে। তাই মানবিক কারণে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিল। তাঁরা বিষয়টি জানাবেন বললেও ঢাকায় গিয়ে কোনো ধরনের নোটিশ না দিয়েই ধর্মঘটের ডাক দেন। মানুষও হত্যা করল, আবার ধর্মঘটের ডাক দিয়ে দুর্ভোগ বাড়াচ্ছে, এটা মেনে নেওয়া যায় না।