নিহতদের পরিবারকে চেক দিয়েছে চউক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বহদ্দারহাট জংশনে উড়ালসড়কের গার্ডার ধসে নিহত ব্যক্তিদের প্রতিটি পরিবারকে দুই লাখ টাকার চেক দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। গতকাল বৃহস্পতিবার তালিকাভুক্ত নয়জনের মধ্যে আটজনকে এই চেক দেওয়া হয়। চউক চেয়ারম্যান আবদুচ ছালাম গতকাল এই চেক তুলে দেন। এ সময় চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কশিনার এ কে এম শহিদুর রহমান উপস্থিত ছিলেন। ইতিপূর্বে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ, জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই লাখ এবং চউক চেয়ারম্যান আবদুচ ছালামের পারিবারিক প্রতিষ্ঠান ওয়েল গ্রুপের পক্ষ থেকে দুই লাখ টাকা করে দেওয়া হয়।গত ২৪ নভেম্বর সন্ধ্যায় বহদ্দারহাট জংশনে উড়ালসড়কের তিনটি গার্ডার ধসে পড়ে। এতে ১২ জন নিহত হন, যাঁদের মধ্যে নয়জনের পরিচয় পাওয়া গেছে। নিহত নয়জন হলেন: মোশাররফ হোসেন ওরফে রাসেল, এনামুল হক, মো. সাজ্জাদ হোসেন, মোহাম্মদ ইলিয়াস, সিরাজুল ইসলাম, চান মিয়া, নসু মিয়া, মনির হোসেন ও কাজল কান্তি দত্ত।চউক চেয়ারম্যান ছালাম বলেন, ভবিষ্যতে চউকের শূন্যপদে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের অগ্রাধিকারের ভিত্তিতে যোগ্যতা অনুযায়ী নিয়োগ দেওয়া হবে।