নিহতদের পরিবারের পাশে সেভাবে নেই বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জানুয়ারির নির্বাচন প্রতিহতের আন্দোলনে বিএনপির যেসব নেতা-কর্মী নিহত হয়েছেন, তাঁদের অনেকের পরিবার দলকে সেভাবে পাশে পাচ্ছে না। ঈদে দলের পক্ষ থেকে উপহারসামগ্রী পাঠানোর বাইরে কেন্দ্রীয়ভাবে পরিবারগুলোর জন্য সমন্বিতভাবে কিছু করা হয়নি। বিচ্ছিন্নভাবে কোনো কোনো পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। আবার কোনো কোনো পরিবারের সদস্য অভিযোগ করেছেন, বিএনপির কেউ খোঁজও নেন না।
বিএনপির নেতারা বলছেন, দল এখন প্রতিকূল অবস্থায় আছে। সীমিত সাধ্যের মধ্যেও তাঁরা নিহত ব্যক্তিদের অসহায় পরিবারগুলোকে সহায়তা দেওয়ার চেষ্টা করছেন। দলের চেয়ারপারসন নিহত নেতা-কর্মীদের পরিবারগুলোর দেখভাল করার জন্য আলাদা একটি শাখা করার কথা বলেছেন। তবে তা গঠিত হয়নি।
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করার জন্য ১ জানুয়ারি থেকে লাগাতার অবরোধের ডাক দিয়েছিল। শেষ পর্যন্ত দলের অনেক নেতা-কর্মীর প্রাণ গেলেও সেই নির্বাচন ঠেকাতে পারেনি। ২০১৪ সালের ৭ মে বিএনপি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের নিহত ও গুম হওয়া নেতা-কর্মীদের একটি তালিকা দিয়েছিল। সেই তালিকায় দেখা যায়, ২০১৩ সালের জানুয়ারির প্রথম দিন থেকে ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪৭ জন নিহত এবং ২৫ জন নেতা-কর্মী ‘গুম’ হয়েছেন। এর মধ্যে ২০১৩ সালে ২১১ জন আর ৫ জানুয়ারি নির্বাচনের পর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নিহত হয়েছিলেন ৩৫ জন। পরের বছর ৫ জানুয়ারির বর্ষপূর্তিতে আবার লাগাতার অবরোধ ঘোষণা করে বিএনপি। সেই সময়ও অনেক নেতা-কর্মী প্রাণ হারান। গত বৃহস্পতিবার প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত কয়েক বছরে বিএনপির ১ হাজারের বেশি নেতা-কর্মী নিহত হয়েছেন।
বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা ও নিহত নেতা-কর্মীদের বেশ কয়েকটি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর ঈদের আগে লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহত ও গুম হওয়া নেতা-কর্মীদের পরিবারের কাছে ঈদ উপহার পাঠানো হয়েছে। একটি জায়নামাজ, কাপড়, সেমাই, দুধ, চিনির সঙ্গে ছিল তারেক রহমানের শুভেচ্ছাসহ ঈদ কার্ড। পরিবারের সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার একটি ইফতার আয়োজনের চিন্তা থাকলেও তা হয়নি। এর বাইরে কোথাও কোথাও স্থানীয় বিএনপির নেতারা বিভিন্ন উপলক্ষে সহায়তা করে থাকেন। আর জাতীয়তাবাদী হেল্প সেল নামের একটি সংগঠন নেতা-কর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। তবে সংশ্লিষ্ট নেতারা বলেন, এটি বিএনপির দলীয় উদ্যোগ নয়। স্বপ্রণোদিত হয়ে ছাত্রদলের কয়েকজন নেতা এই উদ্যোগ নিয়েছেন। আর জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকেও কিছু সহায়তা করা হয়েছে, এ ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নেই।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিহত নেতা-কর্মীদের অনেক পরিবারকে সহায়তা করা হয়েছে, হচ্ছে। নিজ নিজ এলাকায় এবং কেন্দ্রীয়ভাবেও সহায়তা করা হচ্ছে। যাঁরা গুম হয়েছেন তাঁদেরও করা হচ্ছে। অনেক পরিবার বলেছে, খোঁজখবর করা হচ্ছে না। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা তাঁদের ব্যাপারটা বলেছেন। আমরা যতটুকু জেনেছি, আমরা করেছি, চেষ্টা করছি।’
ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানা বিএনপির সভাপতি আবদুল হোসাইন ২০১৩ সালের ২৮ অক্টোবর মারা যান। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে হত্যা করেছেন। তাঁর নামও কূটনীতিকদের দেওয়া বিএনপির তালিকায় আছে। তাঁর ছেলে সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কোনো দিন কেউ জিজ্ঞাসাও করে নাই। একবার রোজার ঈদে খালি জায়নামাজ আর কী যেন পাঠাইছিল।’
২০১৩ সালের ১১ এপ্রিল মারা যান খুলনার ডুমুরিয়া থানা বিএনপির কর্মী গাজী মনসুর আলী। তাঁর স্ত্রী রেহানা পারভীন প্রথম আলোকে বলেন, মনসুর পেশায় ছিলেন ভ্যানচালক। তাঁদের চার মেয়ে। মনসুরই ছিলেন একমাত্র উপার্জনক্ষম। মনসুর মারা যাওয়ার পর স্থানীয় বিএনপির দুই নেতা তাঁকে পাঁচ হাজার টাকা দিয়েছিলেন। এ ছাড়া দুই বছরে দুটি কম্বল, চাদর আর একবার ঈদের সময় একটি জায়নামাজ, দুধ, সেমাই-চিনি পেয়েছেন।
বিএনপির আন্দোলন চলাকালে যেসব এলাকায় হতাহতের ঘটনা বেশি ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যশোর। যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল প্রথম আলোকে বলেন, বিএনপির আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত তাদের উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৩ জন নিহত হন। নিহত কর্মীদের বেশির ভাগের পরিবার অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। বিভিন্ন উৎসবে স্থানীয় বিএনপি সাহায্য করার চেষ্টা করে, তবে সেভাবে সাহায্য করতে পারছে না। কেন্দ্রীয় বিএনপি একাধিকবার তালিকা চেয়েছে, তবে উল্লেখযোগ্য কোনো সাহায্য তাদের জন্য আসেনি।