চট্টগ্রামে গণহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো আলোচনা সভার আয়োজন করেছে। সভায় নিহত ব্যক্তিদের পরিবারের সন্তানদের যোগ্যতা অনুযায়ী চাকরি ও শিক্ষাসহ পুনর্বাসনের সুযোগ সৃষ্টির ঘোষণা দেওয়া হয়।সভার আগে দলীয় নেতা-কর্মীরা নিহত ব্যক্তিদের স্মরণে বাংলাদেশ ব্যাংকের সামনে স্থাপিত বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। ২২ বছর আগে ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি আওয়ামী লীগের লালদীঘি ময়দানের জনসভায় পুলিশ বেপরোয়া গুলি চালালে ২৪ জন দলীয় নেতা-কর্মী নিহত হন।গণহত্যা দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও জাতীয় শ্রমিক লীগের নেতা-কর্মীরা গতকাল সকালে শহীদ বেদিতে ফুল দেন। এরপর আদালত ভবন চত্বরে স্মরণসভার আয়োজন করেন। এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী গণহত্যায় নিহত ব্যক্তিদের পরিবারের সন্তানদের যোগ্যতা অনুযায়ী চাকরি ও শিক্ষাসহ পুনর্বাসনের ঘোষণা দেন। চট্টগ্রাম গণহত্যা স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম।