প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি পোশাকশ্রমিকদের কল্যাণ এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী গতকাল রোববার স্মার্ট ফ্যাশন গার্মেন্টসে নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের মধ্যে আংশিক ক্ষতিপূরণের চেক বিতরণকালে এ আহ্বান জানান। খবর বাসসের।স্থানীয় রপ্তানিকারক ও বিদেশি ক্রেতারা এই ক্ষতিপূরণ প্যাকেজ গঠন করেছেন। সম্প্রতি নগরের স্মার্ট গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার তৈরি পোশাকশ্রমিকদের কল্যাণ ও তাঁদের কর্মস্থলের নিরাপত্তার জন্য অব্যাহত প্রয়াস চালিয়ে যাচ্ছে। গত চার বছরে বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৮২ শতাংশ বেড়েছে। এর তুলনায় গত কয়েক বছরে ইন্দোনেশিয়ায় এই মজুরি বেড়েছে ৬০ শতাংশ। শেখ হাসিনা বলেন, তাঁর সরকার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া এবং সম্ভাব্য কম সময়ের মধ্যে উদ্ধারকাজ শুরু করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সংস্থাকে শক্তিশালী করেছে।ক্রেতাদের সংগঠন ইন্ডাস্ট্রি অল, বিজিএমইএ ও বিকেএমইএর যৌথভাবে গঠিত এই তহবিলের আওতায় নিহত পোশাকশ্রমিকদের প্রতিটি পরিবারকে ১২ লাখ ৪৯ হাজার টাকা দেওয়া হবে। এর মধ্যে বিজিএমইএ, বিকেএমইএ দুই লাখ করে টাকা দেবে এবং বাকি টাকা দেবে ইন্ডাস্ট্রি অল-গ্লোবাল ইউনিয়ন।প্রধানমন্ত্রী গতকাল নিহত পাঁচ শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন।এই প্যাকেজের আওতায় ইন্ডাস্ট্রি অল নিহত পোশাকশ্রমিকদের প্রত্যেক পরিবারের দুজন করে সন্তানকে লেখাপড়া করার জন্য ১০ শতাংশ দেবে। এ ছাড়া আহত প্রত্যেক শ্রমিককে পাঁচ লাখ টাকা দেওয়া হবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইন্ডাস্ট্রি অল-গ্লোবাল ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ইওরকি রাইনা, বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন ও ইন্ডাস্ট্রি অলের সুদর্শন রাও বক্তব্য দেন।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক এবং ইন্ডাস্ট্রি অলের বাংলাদেশ চ্যাপ্টার, বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।চলতি বছরের ২৬ জানুয়ারি স্মার্ট ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে আট শ্রমিক নিহত ও অপর ২০ জন আহত হন।