নিহতদের শ্রদ্ধা জানাতে ঢাকায় ইতালীয় প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার এক বছর পূর্তিতে নিহত নয় ইতালীয় নাগরিকের প্রতি শ্রদ্ধা জানাতে চার সদস্যের একটি ইতালীয় প্রতিনিধিদল গতকাল বুধবার বাংলাদেশের উদ্দেশে মিলান ত্যাগ করেছে।

‘আমরা বাংলাদেশের জন্য ইতালীয় জনগণের শুভেচ্ছা নিয়ে যাচ্ছি। লোমবার্দি অঞ্চলের অনেক ব্যবসায়ী বাংলাদেশে এখনো কর্মরত রয়েছেন। আমরা আশা করি, বাংলাদেশের সরকার তাঁদের নিরাপত্তা সুরক্ষা অব্যাহতভাবে নিশ্চিত করে চলবে।’ ২৮ জুন (বুধবার) বাংলাদেশের পথে ইতালির মিলান ত্যাগের আগে প্রথম আলোকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন ইতালীয় প্রতিনিধিদলের নেতা ও লোমবার্দি আঞ্চলিক সরকারের কাউন্সিলর এবং পরিকল্পনা ও বাজেট-সংক্রান্ত প্রথম স্থায়ী কমিটির ভাইস প্রেসিডেন্ট মার্কো তোসসিনি। এই কমিটি লোমবার্দির সঙ্গে বিদেশি রাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে ভূমিকা পালন করে থাকে।

নিহত নয় ইতালীয় নাগরিকের মধ্যে দুজন ইতালির সবচেয়ে সমৃদ্ধ এলাকা লোমবার্দির বাসিন্দা ছিলেন। আবার তাঁদের একজন ছিলেন লোমবার্দির সবচেয়ে ধনাঢ্য শিল্পপরিবারের সদস্য। মার্কো তোসসিনি বলেন, তিনি ইতালি সরকারের পক্ষ থেকে বাংলাদেশে যাচ্ছেন। তাঁর দলে ঢাকায় নিহত মারিয়া রিভোল্লির স্বামী সিমোনে কোদারা রয়েছেন। তিনি পেশায় ব্যবসায়ী। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন লোমবার্দি সরকারের কর্মকর্তা লুকা রাধিকে এবং জেভান্না কোভা। ঢাকায় তাঁরা আগামী ১ জুলাই হলি আর্টিজান বেকারির জায়গাটি পরিদর্শন করবেন এবং নিহত ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্বালন ও এক মিনিট নীরবতা পালন করবেন।

লোমবার্দি সরকারের উদ্যোগে ১ জুলাই নিহত ব্যক্তিদের স্মরণে রোম থেকে প্রায় সাড়ে ছয় শ কিলোমিটার দূরবর্তী ইতালির উত্তরাঞ্চলীয় শহর উদিনের ফ্লেত্তো উম্বের্তো এলাকার পিয়াচ্ছা লিবের্তায় এক বিশেষ প্রার্থনা ও শোকসভার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে মিলানের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল রফিকুল করিম উপস্থিত থাকবেন। তোসসিনি বলেন, ‘আমরা আশা করি, ইতালির বিভিন্ন শহরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা নিহত নয় ইতালীয় নাগরিকের আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যরা অংশ নেবেন।’ স্মরণসভায় অন্যদের মধ্যে উদিনের মেয়র বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।

এক প্রশ্নের উত্তরে তোসসিনি বলেন, লোমবার্দির আঞ্চলিক সরকার তাদের এলাকার বাসিন্দা হিসেবে নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার একটি উদ্যোগ নিয়েছে। এজন্য তাদের অবশ্য আঞ্চলিক সংসদে আইন প্রণয়ন করতে হবে। এর একটি খসড়া ইতিমধ্যে তৈরি করা হয়েছে, যা আগস্টের গোড়ায় পাস করা হবে।

এদিকে দায়িত্বশীল কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে নিহত নয় ইতালীয় পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দিতে বাংলাদেশ সরকারের একটি পরিকল্পনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ইতালির উত্তরাঞ্চলে অবস্থিত লোমবার্দি দেশটির দ্বিতীয় ধনী অঞ্চল। এটি ইউরোপের সবচেয়ে ধনী অঞ্চলগুলোর একটি। ৩৫ লাখ ৮ হাজার ১৮৭ মিলিয়ন ইউরো নিয়ে এর জিডিপি ইইউর মধ্যে দ্বিতীয় স্থানে। বাংলাদেশ মিশন ঢাকাকে অবহিত করেছে, লোমবার্দি সরকারের কোনো প্রতিনিধিদলের এটিই হবে প্রথম বাংলাদেশ সফর। গত বছর তারা বাংলাদেশের সঙ্গে ব্যবসা-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব দিয়েছিল। মার্কো তোসসিনি ঢাকায় তাঁর পাঁচ দিন অবস্থানকালে পররাষ্ট্র, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, বেপজা ও এফবিসিসিআইয়ের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

ইতালি সরকারের হিসাবমতে, দেশটির উত্তারঞ্চলে ৫৪ হাজার বাংলাদেশি শ্রমিক রয়েছেন। বেসরকারি হিসাবমতে, যা প্রায় ১ লাখ। হলি আর্টিজান হামলার পরে লোমবার্দির আঞ্চলিক সংসদে আয়োজিত আলোচনায় বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে রেজিনা আহমেদ বক্তব্য রেখেছিলেন। তিনি স্বজনহারা পরিবারের সদস্যদের সম্মানে দেওয়া নৈশভোজেও অংশ নিয়েছিলেন।