পিলখানায় বিডিআর বিদ্রোহের চতুর্থ বার্ষিকীতে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে গতকাল সোমবার দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ।বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই দোয়া ও আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিডিআরের ঘটনা কোনো বিদ্রোহ ছিল না। এটা ছিল পরিকল্পিত ষড়যন্ত্র ও চক্রান্ত। সরকারকে উর্যাখাত, বিডিআর ও সেনাবাহিনীর মধ্যে সংঘাত সৃষ্টি করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোই ছিল উদ্দেশ্য।হানিফ বলেন, ‘এখনো একটা প্রশ্ন রয়ে গেছে। এ দেশের মানুষ তা জানতে পারেনি। ঘটনার আগে বিএনপির নেত্রী খালেদা জিয়া কালো গ্লাসের গাড়িতে করে কোথায় অন্তর্ধান হয়েছিলেন? যিনি দুপুর ১২টার আগে ঘুম থেকে ওঠেন না। সেদিন কী এমন কাজ ছিল যে সকাল সাতটা থেকে আটটার মধ্যে বের হয়ে যান?’ তিনি দাবি করেন, বিডিআরের ঘটনার পর দুই দিন খালেদা জিয়ার কোনো খোঁজ ছিল না। এই দুই দিন খালেদা জিয়া কোথায় ছিলেন, তা জানতে পারলে বিডিআর ঘটনার নেপথ্যে কারা ছিল তা জানা যাবে।অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরীসহ দলের অন্য নেতারা অংশ নেন।আলোচনা সভা শেষে বিডিআর বিদ্রোহে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।