নিহতদের স্মরণে পুলিশের শ্রদ্ধা নিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে নিহত ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে হোলি আর্টিজান বেকারির সামনে নির্মাণ করা অস্থায়ী বেদিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মোখলেসুর রহমান সাংবাদিকদের বলেন, ‘হোলি আর্টিজানের ঘটনাটি বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ছিল একটি টার্নিং পয়েন্ট। এ ধরনের ঘটনার ব্যাপকতা সম্পর্কে আমরা সেভাবে পরিচিত ছিলাম না। সেই অবস্থায় এদের তাৎক্ষণিকভাবে মোকাবিলা করা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা নিজেরা রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে হারিয়ে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করেছি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং পুলিশের পেশাদারত্ব—এই দুটোকে মিলিয়ে আমরা দৃঢ় পদক্ষেপ নিয়েছি এবং জীবন বাজি রেখে বাংলাদেশকে একটি নিরাপদ দেশ হিসেবে পরিচিত করতে সক্ষম হয়েছি।’

বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এ সময় অ্যাসোসিয়েশনের সভাপতি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।