নিহতদের স্মরণে লন্ডনে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে যুক্তরাজ্যের লন্ডনে গত রোববার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঐতিহাসিক ট্রাফালগার স্কয়ারে স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন ভাষাভাষী মানুষ। ‘সলিডারিটি উইথ দ্য ভিকটিমস অব ঢাকা অ্যাটাক’ শিরোনামে এই মানববন্ধন সমন্বয় করে গণজাগরণ মঞ্চের যুক্তরাজ্য শাখা।
গুলশান হত্যাকাণ্ডে নিহত ব্যক্তিদের নাম লেখা কালো কাপড় টাঙিয়ে বানানো হয় স্মরণবেদি। বেদির দুই পাশে ছিল বাংলাদেশের পতাকা। সঙ্গে বড় একটি প্ল্যাকার্ডে নিহত চার দেশের নাগরিকদের স্মরণে আঁকা চার দেশের পতাকা, তার ওপরে লেখা ছিল ‘সরি উই কুড নট সেভ ইউ’ (দুঃখিত, আমরা আপনাদের বাঁচাতে পারিনি)।
ঢাকায় নৃশংস হত্যাকাণ্ডে ব্যথিত ব্যক্তিরা নিহত ব্যক্তিদের স্মরণে একে একে প্রদীপ প্রজ্বালন করেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানান। স্মরণ অনুষ্ঠানে আসা ব্যক্তিদের চোখেমুখে শোকের সঙ্গে ক্ষোভ আর বিস্ময়ের ছাপ ছিল স্পষ্ট।
মানববন্ধনে এক ব্যক্তির হাতে ধরে রাখা প্ল্যাকার্ডে লেখা, ‘আইএস একটি বৈশ্বিক হুমকি, এটা কেবল আমাদের অভ্যন্তরীণ সমস্যা নয়’। অনুষ্ঠানে আসা ব্যক্তিরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারী অধিকার কর্মী রুমানা হাশেম, সাংবাদিক বুলবুল হাসান ও সায়মা আহমেদ, যুক্তরাজ্য গণজাগরণ মঞ্চের মুখপাত্র অজন্তা দেব রায়, কর্মী কামরুল হাসান তুষার, বাপ্পি চৌধুরী, ব্যারিস্টার নিঝুম মজুমদার, মালা সরকার প্রমুখ।