নিহতরা বাংলাদেশি বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের শারজায় একটি রাসায়নিক গুদামে গত রোববার ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ছয় ব্যক্তি বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ওই অগ্নিকাণ্ডে নিহত ছয় শ্রমিকের সবাই বাংলাদেশি বলে আমরা জানতে পেরেছি। আমরা তাঁদের ব্যাপারে তথ্য সংগ্রহ করেছি।’

বিবৃতিতে আরও বলা হয়, নিহত বাংলাদেশিদের শনাক্ত করা এবং সংযুক্ত আরব আমিরাতের পুলিশের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পর থেকে সেখানকার বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে। নিহত ব্যক্তিরা হলেন শরীয়তপুর জেলার পালং এলাকার ইউসুফ আলী মল্লিকের ছেলে মো. আলামিন মল্লিক, হুসেইন দেওয়ানের ছেলে আলী আকবর, আবদুল জয়নাল ব্যাপারীর ছেলে মো. খবির উদ্দিন, একই জেলার নড়িয়া উপজেলার মো. গিয়াস উদ্দিন হাওলাদারের ছেলে মো. বাচ্চু হাওলাদার, হামিদ শেখের ছেলে জাকির হোসেন এবং গাজিরটেকের মিজান।

অগ্নিকাণ্ডে আরও কয়েকজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আহত ব্যক্তিদের দেখতে কুয়েতি হাসপাতাল পরিদর্শন করেন।