নিহতের তালিকা না দিলে খালেদা জিয়াকে মাফ চাওয়ার আহ্বান ইনুর

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ৫ মে ঢাকার মতিঝিলে তিন হাজার মানুষ নিহত হয়েছে বলে যে প্রচার চালানো হচ্ছে, তা মিথ্যাচার ও দিনেদুপুরে ডাকাতি করার মতো। বিরোধী দলের কাছে ৪৮ ঘণ্টার মধ্যে নিহত ব্যক্তিদের তালিকা চাওয়া হয়েছে। তালিকা না দিলে খালেদা জিয়াকে জনগণের কাছে মাফ চাওয়ার আহ্বান জানান তিনি।আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এ কথা বলেন।হাসানুল হক ইনু বলেন, তথ্যপ্রযুক্তি ও গণমাধ্যমের যুগে কোনো জিনিস লুকিয়ে রাখা বা গুম করা সম্ভব নয়। তিনি আরও বলেন, মিথ্যাচারের বিরুদ্ধে কোনো আইন নেই। তবে যে মিথ্যাচারের সঙ্গে সাম্প্রদায়িক উসকানি ও দাঙ্গা লাগার সম্পর্ক থাকে, সমাজে উত্তেজনা-বিশৃঙ্খলা সৃষ্টির কারণ হয়ে থাকে, সে ব্যাপারে জড়িত শীর্ষ নেতা-নেত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।তথ্যমন্ত্রী আরও বলেন, যারা চিহ্নিত ও আত্মস্বীকৃত যুদ্ধাপরাধী, বাংলাদেশের জনগণের সামনে যারা হত্যা, ধর্ষণ ও নির্যাতন করেছে, তাদেরই বিচার করা হচ্ছে। যুদ্ধাপরীদের বাঁচানোর জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সশস্ত্র পথ বেছে নিয়েছে। সেই পথটাকে সমর্থন দিচ্ছে বিএনপি। এটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে তিনি মন্তব্য করেন।এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কুষ্টিয়া শাখার সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীমসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।