নিহতের বাসায় ক্যাডার বাহিনীর আনাগোনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে নৃশংসভাবে খুন হওয়া ব্যবসায়ী আশিকুল ইসলাম আশিকের (৩০) মরদেহ গতকাল রোববার বিকেলে জানাজা শেষে শহরের মাসদাইর কবরস্থানে দাফন করা হয়। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে আশিকের মরদেহ শহরের খানপুরে অবস্থিত তাঁর বাসায় নিয়ে আসা হয়। সেখানে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার লোকজনের আনাগোনা দেখা যায়।এ পরিস্থিতিতে এলাকাবাসী ধারণা করছেন, আশিক হত্যাকাণ্ডে প্রভাবশালী ওই নেতার লোকজন জড়িত থাকতে পারে। গতকাল দুপুরে আশিকের বাড়িতে গিয়ে দেখা যায়, শহরের আলোচিত একজন রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ কয়েকজন ক্যাডার বসার কক্ষে অবস্থান করছে। বাসার বাইরেও ছিল ক্যাডারদের সতর্ক প্রহরা। বাড়িতে আশিকের লাশ আসার পর ক্যাডারদের তৎপরতা আরও বেড়ে যায়। নিহতের বড় ভাই নাইমুল ইসলাম জানান, ১১ মে রাত সাড়ে ১০টায় সিদ্দিক নামের এক যুবক ফোন করে আশিককে বাড়ি থেকে বের হতে বলে। আশিক তাতে সাড়া না দেওয়ায় ওই যুবক খুদেবার্তা পাঠায়। বার্তা পয়ে আশিক বাড়ির বাইরে বের হন। রাত ১১টায় বাড়ির সামনেই একটি রিকশা ভ্যানে বসে শহরের খানপুরের সিদ্দিক ও চাষাঢ়ার সিজারকে আশিকের সঙ্গে কথা বলতে দেখা যায়। রাত সোয়া ১১টা থেকে আশিকের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। খোঁজ করেও তাঁকে না পেয়ে পরদিন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ করা হয়। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে সে জানায়, সিজার তাকে বলেছে আশিককে ডেকে দিতে। নাইমুল জানান, শনিবার দুপুরে তাঁরা খবর পান, সিদ্ধিরগঞ্জে মেঘনা অয়েল ডিপোর পেছনে শীতলক্ষ্যা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। পুলিশের বর্ণনায় লাশের সঙ্গে আশিকের মিল রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখতে পান, লাশের মুখ পুড়িয়ে বিকৃত করে ফেলা হয়েছে। এলাকাবাসী জানায়, সিজার চিহ্নিত সন্ত্রাসী। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সিজারকে একজন রাজনৈতিক নেতার সভা-সমাবেশে প্রায়ই দেখা যায়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন গতকাল বিকেলে জানান, এখন পর্যন্ত আশিকের পরিবার কোনো অভিযোগ করেনি।