বাঁশখালীর কয়লাবিদ্যুৎ প্রকল্প
নিহতের স্ত্রীর করা লিখিত অভিযোগ এজাহার হিসেবে নিতে ওসিকে নির্দেশ
চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র নিয়ে ডাকা মতবিনিময় সভার আগে সংঘর্ষে নিহত ব্যক্তির স্ত্রীর করা অভিযোগ এজাহার হিসেবে নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিপলু কুমার দে এই আদেশ দেন। এজাহারে মোহাম্মদ লেয়াকত আলীসহ (বসতভিটা ও গোরস্থান রক্ষা সংগ্রাম কমিটির সমন্বয়কারী) ২৯ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী ও নিহত ব্যক্তির স্ত্রী রুমি আক্তার আদালত প্রাঙ্গণে প্রথম আলোকে বলেন, বাঁশখালী থানায় তিনি লিখিত অভিযোগ করলে পুলিশ মামলা হিসেবে নেয়নি। এ কারণে স্বামী হত্যার বিচার চেয়ে আদালতে মামলা করছেন তিনি।
গতকাল দুপুরে বাঁশখালী থেকে চট্টগ্রাম আদালতে আসেন রুমি আক্তার। আদালত প্রথমে তাঁর বক্তব্য শোনেন। পরে নিহত ব্যক্তির তিন ভাই জামাল হোসাইন, মো. ইউনুস ও আবু সৈয়দ আদালতকে বলেন, ঘটনার দিন তাঁরা তিন ভাইও আহত হন। মোহাম্মদ আলীর মাথায় লেয়াকতের লোকজন বাঁশ দিয়ে আঘাত করেন। এ ঘটনায় তাঁরা থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি।
গত বুধবার দুপুরে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা নিয়ে বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের প্রকল্প এলাকায় সভা ডাকা হয়। এতে বক্তব্য দেন বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা গন্ডামারার ‘বসতভিটা ও গোরস্থান রক্ষা সংগ্রাম কমিটি’র সমন্বয়কারী লেয়াকত আলী। তিনি প্রকল্পের বিরুদ্ধে অবস্থান না নিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষ তাঁদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। সভা শুরু হওয়ার কিছুক্ষণ আগে লেয়াকতের অনুসারী এবং আওয়ামী লীগের স্থানীয় নেতা নুরুল মোস্তফার (ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন) অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে মাটির ঢিল ছুড়তে থাকে। এ সময় কয়েকজনকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করা হয়। এ ঘটনায় আহত হন অন্তত ১০ জন। আহত ব্যক্তিদের মধ্যে ছিলেন অটোরিকশাচালক মোহাম্মদ আলী। ওই দিন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
নিহত মোহাম্মদ আলীর স্ত্রী রুমি আক্তার বাদী হয়ে লেয়াকত আলীসহ ২৯ জনকে অভিযুক্ত করে বৃহস্পতিবার রাতে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু পুলিশ তাঁর অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করেনি। এর পরিবর্তে একই ঘটনায় অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে হত্যা মামলা করে পুলিশ। গত রোববার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আর্থিক সহায়তা দেওয়ার জন্য ডাকা হলেও নিহত মোহাম্মদ আলীর পরিবারের কোনো সদস্য আসেননি।
এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নে ২৫০ কোটি ডলার ব্যয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হচ্ছে। গত বছরের ৪ এপ্রিল গন্ডামারার হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষের লোকজন সমাবেশ ডাকেন। এ নিয়ে সংঘর্ষে দুই ভাইসহ চারজন নিহত হন।