নিহতের স্বজনদের দেখে ফেরার পথে একই স্থানে সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনায় নিহত ভৈরব বন্ধুসভার পাঠচক্রবিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসাইনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে ফেরার পথে একই স্থানে একই পরিবহনের বাসের ধাক্কায় বন্ধুসভার সাত কর্মী আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরবের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন প্রায় আধঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করেন এবং ওই পরিবহনের বাসের চলাচল বন্ধ করে দেন।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন, ভৈরবসভার অনুষ্ঠানবিষয়ক সম্পাদক পল্লব কুমার দাস, অর্থ সম্পাদক রাকিব হোসেন, দপ্তর সম্পাদক দীপ, বিজ্ঞানবিষয়ক সম্পাদক মাহমুদা তমা, সদস্য কিশোর, রূপালী আক্তার ও রাদিয়া বেগম। তাঁরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত কর্মীরা জানান, ৬ সেপ্টেম্বর বিকেলে ওই স্থানে তিতাস পরিবহনের ধাক্কায় মোয়াজ্জেম মারা যান। ঈদ উপলক্ষে আজ দুপুর ১২টার দিকে বন্ধুসভার পক্ষ থেকে তাঁরা সাতজন তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান। দেখা শেষে তাঁরা একটি ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। ইজিবাইকটি ‘দুর্জয় ভৈরব’ চত্বরে গেলে বিপরীত দিক থেকে আসা তিতাস পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক উল্টে গেলে তাঁরা সড়কে ছিটকে পড়েন। জনতা বাসটি আটক করে পুলিশে দেয়। দুর্ঘটনার খবর পেয়ে ভৈরবসভা, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও ভৈরব বইমেলা পরিষদের অন্তত শতাধিক কর্মী ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা বেলা দেড়টা থেকে দুইটা পর্যন্ত মহাসড়কে অবরোধ করেন এবং তিতাস পরিবহনের বাস চলাচল বন্ধ করে দেন।
খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক, ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহেরসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে পরিস্থিতি শান্ত হলেও আজ রাত আটটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিতাস পরিবহনের বাস চলাচল বন্ধ ছিল।
হাইওয়ে থানার ওসি মিজানুল বলেন, ধাক্কা দেওয়া বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও সহযোগী পলাতক।
ভৈরব থানার পরিদর্শক আবু তাহের বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। চালক ও সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।