নিয়ন্ত্রণ নিয়ে আ.লীগের দুই পক্ষ মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারিতে অবৈধ বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনে ফের প্রস্তুতি শুরু হয়েছে। পাথর কোয়ারি-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ১২ জানুয়ারি টাস্কফোর্স অভিযান চালিয়ে ১৫টি বোমা মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করার সপ্তাহ ঘুরতে না-ঘুরতেই কোয়ারি এলাকায় আবার অবৈধ যন্ত্র দিয়ে পাথর উত্তোলনের আয়োজন শুরু হয়েছে।
এ অবস্থায় পাথর কোয়ারির নিয়ন্ত্রণ নিয়ে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। এক পক্ষ আরেক পক্ষের তৎপরতাকে ‘চাঁদাবাজি’ বলে অভিহিত করায় ১৮ জানুয়ারি তিন দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘাতের আশঙ্কা বিরাজ করছে পুরো কোয়ারি এলাকায়।
গত শুক্রবার বাংলাবাজারে জৈন্তাপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা এখলাছুর রহমানের অনুসারীরা পাথর কোয়ারিতে চাঁদাবাজি বন্ধের দাবিতে সমাবেশ করেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভারতের সীমান্তঘেঁষা শ্রীপুর পাথর কোয়ারির আয়তন ৭০০ একর। এর মধ্যে খাসিয়াদের জায়গা কোয়ারিতে অন্তর্ভুক্ত হওয়ায় এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। এর আগে খাস কালেকশনের মাধ্যমে কোয়ারি থেকে পাথর উত্তোলন করা হলেও এ বছর শাহ আলম নামের এক ব্যক্তি ইজারা নিয়েছেন।
কোয়ারি-সংশ্লিষ্ট পাথরশ্রমিক ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, ইজারাদারের পক্ষে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবদুর রাজ্জাক ওরফে রাজা পাথর কোয়ারি নিয়ন্ত্রণ করছেন। রাজা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর পক্ষের পাথর ব্যবসায়ী হিসেবে পরিচিত। এ বছরের শুরু থেকে আবদুর রাজ্জাক পাথর কোয়ারির পুরো নিয়ন্ত্রণ নিয়ে যন্ত্র দিয়ে পাথর উত্তোলন শুরু করেন। ৫০ থেকে ৬০ জন লোক তিন ভাগে প্রায় এক সপ্তাহ ধরে নিষিদ্ধ বোমা মেশিনসহ বিভিন্ন যন্ত্র দিয়ে পাথর উত্তোলন শুরু করলে ১২ জানুয়ারি টাস্কফোর্স অভিযান চালায়। অভিযানে ১৫টি যন্ত্র আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানের পর আবার যন্ত্র দিয়ে পাথর উত্তোলনের প্রস্তুতি শুরু করলে কোয়ারির নিয়ন্ত্রণ নিয়ে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এখলাছুর রহমানের সঙ্গে আবদুর রাজ্জাকের পক্ষের দ্বন্দ্ব দেখা দেয়। ১৮ জানুয়ারি দুই পক্ষের মধ্যে তিন দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বাংলাবাজারে সমাবেশ হয়। মুক্তিযোদ্ধা আফতাব আলীর সভাপতিত্বে সমাবেশে এখলাছুর রহমানসহ স্থানীয় প্রবীণ ব্যক্তিরা চাঁদাবাজি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
এখলাছুর রহমান বলেন, কোয়ারির যে জায়গার মালিকানা খাসিয়াদের বলে আদালতে মামলা চলছে, ওই জায়গা দখল করে আবদুর রাজ্জাক ‘রাজা বাহিনী’ নামিয়ে নিয়ন্ত্রণ করছেন। একেকটি গর্ত ৫০ হাজার টাকা করে বিক্রি করছেন। আবার কোয়ারিতে চলাচলকারী ট্রাকপ্রতি ১ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আদায় করছেন। জনপ্রতিনিধি হিসেবে এসবের প্রতিবাদ করায় এ নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
আবদুর রাজ্জাক নিজেকে পাথর কোয়ারির ‘রয়্যালটি আদায়কারী’ বলে দাবি করেন। টাস্কফোর্সের অভিযানের পর আবার যন্ত্র দিয়ে পাথর উত্তোলনের আয়োজনের বিষয়টি অস্বীকার করেন তিনি। তাঁর কোনো বাহিনী নেই দাবি করে রাজ্জাক বলেন, ‘আমার বিরুদ্ধে যারা কয়, তারা ভাগ (চাঁদা) না পাইয়া কয়।’ এ ব্যাপারে ইজারাদার শাহ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
দুই পক্ষের এমন পাল্টাপাল্টি তৎপরতায় সংঘাতের আশঙ্কা করছেন শ্রমিকসহ সাধারণ পাথর ব্যবসায়ীরা। প্রায় দুই সপ্তাহ ধরে পাথর কোয়ারিতে নিয়মিত যাতায়াতকারী পাথরবাহী ট্রাকের চালক, পাথর ব্যবসায়ী ও সাধারণ শ্রমিকদের সঙ্গে কথা বললে তাঁরা এমন আশঙ্কার কথা এই প্রতিবেদককে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুহেল মাহমুদ বলেন, পাথর কোয়ারি মূলত ইজারাদার-নিয়ন্ত্রিত হওয়ায় এ বিষয়ে উপজেলা প্রশাসনও তাৎক্ষণিক কোনো ভূমিকা রাখতে পারছে না। চাঁদাবাজিসহ অবৈধ যন্ত্র দিয়ে পাথর উত্তোলনের বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।