নিয়ন্ত্রণ হারিয়ে উল্টাল বাস, প্রাণ গেল চার পথচারীর
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে চালক বাসের নিয়ন্ত্রণে হারালে বাসটি উল্টে গেলে সেটির নিচে পড়ে চার পথচারী নিহত হয়েছে। আহত হয়েছে বাসযাত্রীসহ অন্তত ২৫ জন। আজ বুধবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চারজন হলো শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়াহাটা গ্রামের বাচ্চু মিয়া (৩০), ভ্যানচালক মোয়াজ্জেম হোসেন (২৮), সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া এলাকার শীলা আক্তার (২৮) ও একই এলাকার ফিরোজ মিয়া ছেলে নাঈম হোসেন (৮)।
এদিকে, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়কে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এতে মহাসড়কটিতে যানচলাচল বন্ধ হলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লৌহজংয়ের শিমুলিয়া ঘাট থেকে গাঙচিল পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। বাসটি দ্রুত গতিতে চালানো হচ্ছিল। বাসটি ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখানের চালতিপাড়ায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে সেটি উল্টে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন পথচারীকে চাপা দেয়। এ সময় বাসের নিচে চাপা পড়ে বাচ্চু মিয়া, মোয়াজ্জেম হোসেন, শীলা আক্তার ও নাঈম হোসেন ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহত লোকজনকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মুন্সিগঞ্জের শ্রীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সামছুজ্জামান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কটিতে যান চলাচল শুরু হবে। দুর্ঘটনায় কবলিত সবাই পথচারী। এ ঘটনায় মামলা হবে।