নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে তিন শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় বালু বোঝাই একটি ট্রাক খাদে পড়ে তিনজন শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে শ্রীপুর উপজেলার ওয়াপদা-লাঙ্গলবন্দ সড়কের রায়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন উপজেলার রাজধরপুর গ্রামের রিয়াজুল ইসলাম (২৭), মান্নান শেখ (৩৫) ও সজিব হোসেন (২২)।ট্রাকের চালক ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে গড়াই নদীর শ্রীপুরের ঘসিয়াল বালুমহল থেকে বালু বোঝাই করে একটি ট্রাক ওয়াপদা যাচ্ছিল। চালক ছাড়াও ট্রাকে ওই তিনজন বালুকাটা শ্রমিক ছিলেন। ভোর সাড়ে তিনটার দিকে রায়নগর এলাকায় পৌঁছানোর পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ওই তিন শ্রমিক ঘটনাস্থলে মারা যান। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মীর আতাহার আলী বলেন, তিন শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে।